ছাপানো টিকিট নেই, রাজস্ব হারাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের বাংলা স্টেশনে বিপুলসংখ্যক যাত্রী ওঠানামা করলেও স্টেশনটিতে ছাপানো কোনো টিকিট নেই। তাই এই স্টেশন থেকে বেশির ভাগ যাত্রীকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে হয়। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। স্থানীয় লোকজন বলছেন, এ অবস্থা চলতে থাকলে আবারও ‘অলাভজনক’ স্টেশনের তালিকায় নাম উঠবে স্টেশনটির।

নেত্রকোনা কোর্ট স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে দুটি লোকাল, একটি কমিউটার, ‘হাওর এক্সপ্রেস’ ও ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। ট্রেন পাঁচটি দিনে অন্তত ১০ বার এই পথে আসা-যাওয়া করে। নেত্রকোনা থেকে মোহনগঞ্জ রেলপথের দূরত্ব ৩০ কিলোমিটার। স্টেশন আছে পাঁচটি। এই স্টেশনগুলোর মধ্যে নেত্রকোনার পরের স্টেশন ‘বাংলা’। সিংহের বাংলা এলাকায় ব্রিটিশ আমলে স্টেশনটি স্থাপিত হয়। লোকবলের সংকট এবং ‘অলাভজনক’ অজুহাতে রেল কর্তৃপক্ষ ১৯৯০ সালে রেলস্টেশনটির কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে এই স্টেশনে লোকাল ও আন্তনগর কোনো ট্রেনই আর যাত্রাবিরতি করত না। এতে করে রেলপথে যাতায়াত করা যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হতো। এ নিয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘দুই যুগ ধরে বন্ধ, যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ, নেত্রকোনার বাংলা স্টেশন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ অক্টোবর স্টেশনটি পুনরায় চালু করা হয়। কিন্তু স্টেশনটির জন্য বরাদ্দ করা তিনজন কর্মচারীর পদ থাকলেও একজন পোর্টার কর্মরত আছেন। এই পোর্টার কোনো কারণে ছুটিতে গেলে অথবা অনুপস্থিত থাকলে স্টেশনটির কার্যক্রম পরিচালনার মতো কেউ থাকেন না।

এদিকে স্টেশনটি পুনরায় চালু হওয়ার পর প্রায় এক বছর পার হয়ে গেলেও রেল বিভাগ ওই স্টেশনের যাত্রীদের জন্য কোনো টিকিটই ছাপায়নি। তাই এখান থেকে বিনা টিকিটেই যাত্রীরা যাওয়া-আসা করছে। স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিন এলাকার দুই শতাধিক ছাত্রছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ী এই রেলপথে নেত্রকোনা সদরে আসা-যাওয়া করেন। কিন্তু টিকিট না থাকায় অনেকটা বাধ্য হয়েই বিনা টিকিটে ভ্রমণ করতে হয় তাঁদের।

স্টেশনের পাশে সহিলদেও গ্রামের বাসিন্দা রাজন ভট্টাচার্য বলেন, ‘দীর্ঘ দুই যুগের পর স্টেশনটি চালু হলেও লোকবলের সংকট কাটেনি। বিনা টিকিটে যাত্রীরা আসা-যাওয়া করছে। এই অবস্থা চলতে থাকলে আবারও ‘অলাভজনক’ স্টেশনের তালিকায় নাম উঠবে স্টেশনটির।’

স্টেশনের পোর্টার রোস্তম আলী বলেন, ‘ছাপানো টিকিট না থাকায় আমরা যাত্রীদের কাছে বিপিটি টিকিট বিক্রি করছি। বিপিটি টিকিট রসিদ বইয়ের মতো হাতে লিখতে হয়। এতে সময় লাগে। আর এই স্টেশনে ট্রেন মাত্র দুই মিনিটের জন্য থামে। এই সময়ে মাত্র পাঁচ-ছয়টি টিকিট লেখা যায়। অনেক সময় টিকিট লিখতে লিখতেই ট্রেন ছেড়ে যায়। এ কারণে যাত্রীরা বিপিটি টিকিট কিনতে চায় না।’

রেল বিভাগের নির্দেশে বাংলা স্টেশনটির কার্যক্রম তদারকির দায়িত্ব নেত্রকোনার কোর্ট স্টেশনের ওপর। জানতে চাইলে ওই স্টেশনের ইনচার্জ সৈয়দ রাকিবুজ্জামান বলেন, টিকিট না থাকার বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই এর সমাধান মিলবে বলে আশা করা হচ্ছে।