ছাপড়া তুলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ৬ নম্বর রাজগঞ্জ চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর ছিনতাই হয়ে যাওয়ার দুই দিন পর বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের জমিতে ছাপড়া তুলে সেখানে পাঠদান চলছে।সোমবার সকালে পার্শ্ববর্তী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের লোকজন স্কুলটি ভেঙে তাঁদের ইউনিয়নের দক্ষিণ চান্দখালী গ্রামে নিয়ে যান। স্কুলঘর ছিনতাই হয়ে যাওয়ার পর পাঠদান স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ। ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘স্কুলঘরটি ছিনতাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে বিশেষ ব্যবস্থায় পাঠদান কার্যক্রম শুরু করে।গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে চারদিকে বাঁশের খুঁটি পুঁতে ওপরে টিন দিয়ে ছাপড়া দেওয়া হয়েছে। চারজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। ফের স্কুলটি ছিনতাই হয়ে যেতে পারে এই আশঙ্কায় শিক্ষার্থীদের অভিভাবকেরা স্কুলের চারপাশে পাহারা দিচ্ছেন।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর রশীদ গাজী জানান অভিভাবকেরা বাঁশ, টিন দিয়ে নিজেরা পরিশ্রম করে ছাপড়াটি নির্মাণ করে দিয়েছেন। মেঝেতে পলিথিন বিছিয়ে শিশুদের বসার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে শিশুদের পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে স্কুল পরিচালনা পর্ষদের সহযোগিতায় অস্থায়ী এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহনেওয়াজ জানান, স্কুলঘরসহ মালামাল ছিনতাইয়ের ঘটনায় প্রধান শিক্ষক মামলা করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা করছে।