ছাফিয়া দেশের প্রথম নারী চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাফিয়া খানম
ছাফিয়া খানম

জেলা পরিষদের গতকাল বুধবারের ভোটে রংপুরে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী আওয়ামী লীগ–সমর্থিত ছাফিয়া খানম। এ পদে জয়ী তিনিই দেশের প্রথম ও একমাত্র নারী।
ছাফিয়া খানম রংপুর নগরের কামালকাছনা নতুনপাড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তাঁর জন্ম নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। বাবা প্রয়াত আজহার আলী সরকার ও মা প্রয়াত গোমেদা বেগম। ছাফিয়া বেগমের একমাত্র মেয়ে হোসনে আরা মাহমুদা কোলে থাকা অবস্থায় স্বামী হাবিবুর রহমান মারা যান। ছাফিয়া খানম নাটোরের লালপুর কলেজিয়েট স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি ও ১৯৭৫ সালে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ ও এলএলবি পাস করেন।
ছাফিয়া খানম ১৯৭৬ সালে রাজনীতিতে হাতেখড়ি নেন নাটোরের গোপালপুর আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মমতাজ উদ্দিনের কাছে। ১৯৮০ সালের ৬ জানুয়ারি তিনি রংপুরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এখন তিনি মহিলা আওয়ামী লীগের রংপুর জেলা সভাপতি ও মহানগর শাখা আওয়ামী লীগের সদস্য।
ছাফিয়া খানম বলেন, ‘রংপুরের উন্নয়নের জন্য যা যা দরকার, সবই করব। রংপুর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের জায়গা। তাঁদের ভাবমূর্তি যাতে সমুন্নত থাকে, সে জন্য যা যা করা দরকার তা-ই করব।’