ছায়ানটে সারা রাত শুদ্ধসংগীত
সংগীতপিপাসুদের শুদ্ধসংগীতের সঙ্গে পরিচয় নিবিড়তর করা এবং শিক্ষার্থীদের সাধনা ও পরিবেশনে প্রাণিত করার লক্ষ্যে ছায়ানট আয়োজন করেছে শুদ্ধসংগীত উৎসব। দুই দিনের এই উৎসবের শেষ দিনে ছায়ানট মিলনায়তনে গতকাল শুক্রবার সকালের অধিবেশনের পর সন্ধ্যায় যে অধিবেশন শুরু হয়েছিল, তা চলে মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত।
উৎসবের দ্বিতীয় ও দিনের প্রথম অধিবেশনের শুরুতেই মঞ্চে আসেন ছায়ানটের শিক্ষার্থীরা। সঙ্গে অসিত কুমার দে। তাঁরা পরিবেশন করেন রাগ গুণকেলি। তবলায় সংগত করেন রতন কুমার দাস। এরপর রাজশাহীর আলমগীর পারভেজ সুমন পরিবেশন করেন রাগ ভাটিয়ার। তবলায় ছিলেন স্বরূপ হোসেন। ঢাকার শিল্পী শ্রাবন্তী ধরের কণ্ঠে ছিল রাগ ‘টোড়ী’। তবলায় সংগত করেন ইফতেখার আলম। শিউলি ভট্টাচার্য বেহালায় বাজিয়ে শোনান রাগ ‘আলাহিয়া বিলাবল’। তবলায় ছিলেন মীর নাকিবুল ইসলাম। সতীন্দ্রনাথ হালদারের কণ্ঠে রাগ ‘রামকেলি’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় দিনের প্রথম অধিবেশন।
সন্ধ্যার অধিবেশনের শুরুতেই ছিল ছায়ানটের শিক্ষার্থীর বৃন্দ কণ্ঠসংগীত ও তবলাবাদন। এই অধিবেশনে কণ্ঠসংগীত পরিবেশন করেন লতিফুন জুলিও, সুপ্রিয়া দাশ, সঞ্জীবন সান্যাল, সুস্মিতা দেবনাথ শুচি, খায়রুল আনাম, রেজোয়ান আলী, অসিত কুমার দে, অমরেশ রায় চৌধুরী, তাপস দত্ত ও বিজন চন্দ্র মিস্ত্রি। পাখোয়াজ বাজিয়ে শোনান শুষেণ কুমার রায়, সেতারের রাগের ঝংকার তোলেন এবাদুল হক আর কলকাতার শিল্পী দেবস্মিতা ভট্টাচার্যের পরিবেশনার মাধ্যম ছিল সরোদ।