ছায়ার মধ্যে লড়াই করছে দুদল: আকবর আলী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, প্রধান দুই রাজনৈতিক দল ছায়ার মধ্যে লড়াই করে যাচ্ছে। তারা কী চায় বা যা চায় তা কীভাবে করা হবে, তা নিয়ে অন্ধকারে আছে।
আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন’ বিষয়ে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) গোলটেবিল আলোচনায় সাবেক উপদেষ্টা এ কথা বলেন।
আকবর আলী খান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে না। নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করলেই আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু তারা বলছে না কোন প্রক্রিয়ায় ইসিকে শক্তিশালী করা হবে। তা ছাড়া কমিশনকে শক্তিশালী করার জন্য কোনো প্রস্তাবও তারা দেয়নি। অন্যদিকে বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না। কিন্তু কেউ স্বীকার করুক আর না করুক, আদালতের রায়ের কারণে পুরোনো সংবিধানে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, প্রধান দুই দলই ছায়ার মধ্যে লড়াই করে যাচ্ছে। আর সাধারণ মানুষ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে।
সাবেক এই সচিব বলেন, ‘আরপিও সংশোধন করা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা একই সঙ্গে অনেক বিষয়কে গুরুত্ব দিতে গিয়ে বড় বিষয়গুলো এড়িয়ে যাচ্ছি।’ তিনি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করায় কিছু বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘নির্বাচনী আইন বলুন আর যা-ই বলুন না কেন, সবকিছুর চেয়ে এখন বেশি প্রয়োজন নির্বাচনকালীন সরকারব্যবস্থা। যদি তা-ই না হয় তাহলে যতই পরিবর্তন করা হোক না কেন, কোনো লাভই হবে না।’ তিনি বলেন, নির্বাচনে কারচুপি, ভোটারদের আসতে বাধা দেওয়া, কেন্দ্র দখলের মতো ঘটনা যেন না ঘটে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আকবর আলী খান বলেন, রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা বলেন, প্রার্থীকে নয়, প্রতীকে ভোট দেবেন। কিন্তু জনগণ এখন আর বোকা নয়। তারা এখন আর প্রতীক দেখে নয়, ব্যক্তিকেই ভোট দেয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, নির্বাচন কমিশনের মূল স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দলগুলো। সবার আগে বিভিন্ন বিষয়ে তাদের একমত হতে হবে। তারা যদি একমত না হতে পারে, তাহলে কোনো আইন দিয়েই কাজ হবে না। তিনি বলেন, এর আগে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। সে জন্য নির্বাচন কমিশন শক্তিশালী হওয়া নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তিনি বলেন, ‘শুধু সোজা হয়ে দাঁড়ালেই মেরুদণ্ড সোজা হয় না। নির্বাচন কমিশনের মেরুদণ্ড আলাদা বিষয়।’ তিনি বলেন, ‘নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন সাধারণত জেলা প্রশাসকেরা। এখন দেখা যাচ্ছে যে তাঁরা শতভাগই দলীয় কর্মী হয়ে থাকেন। তফসিল ঘোষণার পর তাঁদের ওপর ইসির কর্তৃত্ব থাকে। কিন্তু সে সময়ও তাঁরা খুব কমই তাঁদের কথামতো কাজ করে থাকেন।’
দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তা না হলে সুষ্ঠুভাবে নির্বাচন করা অনেক কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ‘আমাদের দেশের সংসদ সদস্যরা মুকুটহীন সম্রাট। তাঁরা প্রকাশ্যে তেমন কোনো সুযোগ সুবিধা ভোগ না করলেও প্রকৃত অর্থে তাঁরা অনেক সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।’
গোলটেবিলে ধন্যবাদ জ্ঞাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের স্টিয়ারিং কমিটির সদস্য এ এইচ এম নোমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক মো. আবদুল হালিম। বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের (রব) আ স ম আবদুর রব, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ।