ছারছিনা দরবার শরিফের প্রতিবাদ
প্রথম আলোয় গত ২৪ নভেম্বর ‘জমি দখল ও রাস্তা বন্ধ করে ভবন’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ছারছিনা দরবার শরিফের পক্ষে ছারছিনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। ২৪ নভেম্বর রাতে প্রথম আলোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পাঠানো প্রতিবাদে দাবি করা হয়, ১৯৮৮ সালে পিরোজপুর জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যানের মাধ্যমে ছারছিনা মাদ্রাসা ও দরবার শরিফ ক্যাম্পাসে অবস্থিত জেলা পরিষদের দুই একর ২৯ শতাংশ জমি ও রাস্তার বিষয় এওজবদল দলিল রেজিস্ট্রি করে মাদ্রাসার কাছে হস্তান্তর করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, স্বরূপকাঠি পৌরসভা ঘোষণার পর ২০০৯ সালে ওই এওজবদল দলিল পর্যালোচনা করে মাদ্রাসা ও দরবার শরিফের নিরাপত্তার স্বার্থে ছারছিনা দরবার শরিফের মধ্যস্থিত রাস্তাটি বন্ধ করার বিষয়ে রেজ্যুলেশন গ্রহণ করে। এলাকাবাসীর চলাচলের জন্য দরবার শরিফের বাইরে দিয়ে বিকল্প রাস্তা অনুমোদন করে। তাই প্রতিবেদনটি সঠিক নয়, এটি প্রকাশ হওয়ায় দরবার শরিফের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: দরবার শরিফ বা মাদ্রাসা কর্তৃপক্ষ ওই সম্পত্তির পক্ষে তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে বা প্রতিবাদলিপির সঙ্গে সংযুক্ত করেনি। উপরন্তু, স্বরূপকাঠি উপজেলা ভূমি কার্যালয় থেকে সর্বশেষ গত ১৯ জুলাই সরবরাহ করা খতিয়ান নম্বর ২, জিলা বাকেরগঞ্জ মৌজা শর্ষিনা, জেএল নম্বর ১০ পর্চায় দেখা যায়, ৩৪৯, ৩৫০, ৩৬৭, ১০৯, ২২৫/৫২৩, ৪১৭/৫২৬ মোট ছয়টি দাগে দুই একর ২৯ শতাংশ সম্পত্তি জেলা পরিষদের নামে রেকর্ড বিদ্যমান। একই তারিখ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান সমগ্র সম্পত্তি জেলা পরিষদের নামে রয়েছে মর্মে সত্যায়িত করে দেন। যার অবিকল (নকল) এর ছায়ালিপি প্রথম আলোর কাছে রয়েছে। এলাকাবাসীর চলাচলের জন্য দরবার শরিফের বাইরে দিয়ে বিকল্প রাস্তা অনুমোদনের পক্ষেও কোনো কাগজপত্র প্রতিবাদপত্রের সঙ্গে সরবরাহ করা হয়নি।