পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কমিশন হয়েছে, কমিশন আইনের সংশোধনীও হয়েছে, কমিশনের কাজের জন্য কোনো নীতিমালা হয়নি। ভূমিবিরোধ নিষ্পত্তি করতে হলে নীতিমালা প্রণয়ন করতে হবে। পাহাড়ি-বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতা আরও বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলেই কেবল পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
গতকাল সোমবার খাগড়াছড়ির দীঘিনালায় ‘পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায় ও প্রতিষ্ঠানের ক্ষমতায়নের মাধ্যমে পারস্পরিক আস্থা অর্জন’ শীর্ষক আলোচনা সভায় পাহাড়ি ও বাঙালি নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উদ্যোগে উপজেলার বাবুপাড়া এলাকার একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় ও আঞ্চলিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে সভায় মন্তব্য করেন দীঘিনালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রঞ্জন কুমার চাকমা। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি-বাঙালি উভয়ের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা, সমঝোতার মনোভাব থাকা দরকার।
উপেজলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, অতীতে পাহাড়ি-বাঙালির মধ্যে আস্থা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন ছিল। মাঝে তাতে ঘাটতি দেখা দেয়। পাহাড়ের মানুষ শান্তি চায়, সম্প্রীতিতে থাকতে চায়।
পাহাড়ে নীরব চাঁদাবাজি চলছে বলে জানান উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা। তিনি বলেন, প্রাণের ভয়ে চাঁদা দিতে লোকজন বাধ্য হতে হয়। পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও ভূমি সমস্যার সমাধান হলে স্থায়ী শান্তি আসবে বলে মনে করেন তিনি।
পাহাড়ে তামাক চাষে মানুষকে নিরুৎসাহিত করার বিষয়ে সভায় জোর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানকার প্রাথমিক শিক্ষার অবস্থা নাজুক। পাবর্ত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সম্প্রীতির বন্ধন জোরদার করার কথা বলেন তিনি।
কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ভূমিবিরোধ একটি রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। একে অপরের আস্থা অর্জনে ছাড় দিতে হবে। সবার মধ্যে সমঝোতার মানসিকতা তৈরি করতে হবে।
সংবাদকর্মী কমল বিকাশ চাকমা ও পপেন ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা ভূমিবিরোধ। ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক মোহাম্মদ হুমায়ন কবীর, বেসরকারি সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিঞা, শিক্ষক এ কে এম বদিউজ্জামান, নজরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, সমাজকর্মী জহির রায়হান প্রমুখ।