ছাড়পত্র ছাড়া জাহাজ কাটার প্রমাণ পেয়েছে প্রতিনিধিদলও
শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদলও পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক পরিদপ্তরের ছাড়পত্র না নিয়ে জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিলে জাহাজ কাটা হচ্ছিল বলে প্রমাণ পেয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে আসা দল কাল মঙ্গলবার ইয়ার্ডটি পরিদর্শন করে এ প্রমাণ পায়। এ ছাড়া দলটি আরও তিনটি ইয়ার্ড পরিদর্শন করে। গত রোববার জিরি সুবেদারে গ্যাস নির্গমনে চারজন নিহত হওয়ার পর তাঁরা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তাঁরা ইয়ার্ডগুলোতে বেশকিছু অনিয়ম ও নীতিমালা না মানার ঘটনা প্রত্যক্ষ করেন। এর মধ্যে জাহাজ এনে দাপ্তরিক অনুমতির আগে তড়িঘড়ি করে সেটা কাটতে যাওয়া, শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করা অন্যতম। প্রতিনিধিদলে প্রতিমন্ত্রী ছাড়াও শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. ইস্রাফিল আলম ছিলেন। আজ বুধবার মন্ত্রণালয়ে তাঁদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। পরিদর্শন শেষে ইস্রাফিল আলম প্রথম আলোকে বলেন, ‘জিরি সুবেদার কর্তৃপক্ষ জাহাজটি কাটছিল পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র ছাড়া। বিস্ফোরক অধিদপ্তরের সনদও তাঁরা দেখাতে পারেনি। আমরা প্রমাণপত্র জব্দ করেছি।’প্রতিনিধিদল এ ছাড়া জোড়ামতল এলাকার এফআরএফ শিপইয়ার্ড, কুমিরার ফরচুন ও ফৌজদারহাট এলাকার কে আর শিপইয়ার্ড পরিদর্শন করে। এর মধ্যে কে আর ইয়ার্ডে ১৪ অক্টোবর দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হন। জানা গেছে, প্রতিনিধিদল জিরি সুবেদার ও ফরচুন শিপইয়ার্ডে শ্রমিক সুরক্ষা সরঞ্জাম দেখতে পাননি। এ সময় তারা জিরির দুর্ঘটনায় আহত শ্রমিক গোলাপ হোসেনের সঙ্গে কথা বলেন। গোলাপ হোসেন বলেন, ‘জাহাজটিতে দুর্ঘটনার দুই দিন আগে থেকে কাটার কাজ শুরু হয়। ওই দিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বের করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’