ছাড়পত্র ছাড়াই উঠছে বহুতল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই কুষ্টিয়া শহরে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে ভবিষ্যতে এসব ভবনে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। বৃহত্তর কুষ্টিয়ায় (চুায়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া) কোনো ডুবুরি নেই। ডুবুরির প্রয়োজনীয়তার কথা জানিয়ে গত তিন বছরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৩০টির অধিক আবেদন পাঠানো হলেও কোনো কাজ হয়নি। ফলে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে অসহায় হয়ে পড়ে মানুষ।কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে ১৪টি বহুতল (ছয় তলার ওপরে) ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে সাফিনা টাওয়ার ছাড়া বাকি ১৩টি নির্মাণে ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩-এর ৭ ধারায় বলা আছে, অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপক ও জননিরাপত্তায় বহুতল ভবন নির্মাণে ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান নকশা অনুমোদন দিতে পারবে না। অথচ এটা মানা হচ্ছে না। এ ব্যাপারে ভবন মালিকদের নোটিশ পাঠানো হয়েছে। তবুও অনুমোদন নেওয়ার ব্যাপারে কারও কোনো পদক্ষেপ নেই। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বৃহত্তর কুষ্টিয়ায় ১৬৮ প্রকার দাহ্যপদার্থ ব্যবহার ও মজুদের জন্য দুই হাজার ১৬৬টি লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু কুষ্টিয়া পৌরসভায় দেওয়া হয়েছে প্রায় এক হাজার। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০ ভাগ অগ্নি নির্বাপক নিয়ম-কানুন মেনে চলে। বাকি ২০ ভাগ করে না। তাদেরও নিয়মিত নোটিশ করা হয়েছে।বৃহত্তর কুষ্টিয়ায় ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি নেই। ফলে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য খুলনা ও ফরিদপুর ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হয়। সম্প্রতি গড়াই নদে কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্র ডুবে যান। তাঁদের উদ্ধার করতে খুলনা থেকে ডুবুরি আনা হয়। ডুবে যাওয়ার ছয় ঘণ্টা পর ডুবুরি এসে মাত্র আধা ঘণ্টার মধ্যে তাঁদের লাশ উদ্ধার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ বলেন, কুষ্টিয়ায় ডুবুরি থাকলে জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকত।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাওকত হাসান প্রথম আলোকে বলেন, বহুতল ভবনের মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। বিধিবিধান মানা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহত্তর কুষ্টিয়া ফায়ার সার্ভিসে ডুবুরির কোনো পদ নেই। তবে এর প্রয়োজনীয়তা ভেবে সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত আবেদন করা হচ্ছে।