কক্সবাজার সমুদ্র উপকূলে হাজার কোটি টাকা বিনিয়োগে স্থাপিত ৫২টি হ্যাচারির বর্জ্য থেকে দূষিত হচ্ছে সমুদ্রের পানি। পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই এসব হ্যাচারিতে এক যুগের বেশি সময় ধরে চিংড়ির পোনা উৎপাদন চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে হ্যাচারি মালিকদের সংগঠন সেব (শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি রইচ উদ্দিন বলেন, ৯৩টি শর্ত পূরণ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। এত শর্ত পূরণ করে আবেদনপত্র জমা দেওয়াও সময়সাপেক্ষ ব্যাপার। রইচ উদ্দিন আরও বলেন, সমুদ্র উপকূলে যখন হ্যাচারিগুলো স্থাপন করা হয়েছিল, তখন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের প্রয়োজন ছিল না। সে সময় কক্সবাজারে অধিদপ্তরের কার্যালয়ও ছিল না। কিন্তু এখন বলা হচ্ছে, হ্যাচারি থেকে নির্গত রাসায়নিক ও বর্জ্য সাগরের পানি দূষিত করছে। পরিবেশের ক্ষতি হচ্ছে। তাঁরাও পরিবেশের ক্ষতি করে পোনা উৎপাদন করতে চান না। অনুসন্ধানে জানা গেছে, ১৯৯৪ সালে সর্বপ্রথম কক্সবাজার উপকূলের কলাতলীতে বাগদা চিংড়ি পোনা উৎপাদনের লক্ষ্যে একটি হ্যাচারি স্থাপন করা হয়। এরপর ১৯৯৯ সাল পর্যন্ত কক্সবাজারের কলাতলী, উখিয়ার সোনারপাড়া ও টেকনাফের মহেশখালীয়াপাড়া সমুদ্র উপকূলে স্থাপিত হয় আরও ৫১টি হ্যাচারি। হ্যাচারি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাষাবাদের জন্য সারা দেশের বার্ষিক চাহিদা ৩০০ কোটি চিংড়ি পোনা। তবে এসব হ্যাচারিতে প্রতিবছর উৎপাদিত হয় প্রায় ৮০০ কোটি থেকে এক হাজার কোটি পোনা। চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদন হওয়ায় দাম পড়ে যায়। কম দামে পোনা বিক্রি করায় লোকসানের কবলে পড়তে হয় বহু হ্যাচারির মালিককে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, হ্যাচারিগুলো পরিবেশের ক্ষতি করেই দীর্ঘদিন ধরে চিংড়ি পোনা উৎপাদন করছে। কোনো হ্যাচারিরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। হ্যাচারি থেকে নির্গত বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক সমুদ্রের পানি দূষিত করছে। মারা যাচ্ছে নানা প্রজাতির পোনা মাছ। হ্যাচারির পাশের ফসলি জমির মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে ফসলি জমিতে নিক্ষেপ করা বিষাক্ত রাসায়নিক খাল-বিল হয়ে সাগরে পড়ছে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশের ওপরও মারাত্মক ক্ষতি হচ্ছে।আবদুল্লাহ আল মামুন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া হ্যাচারিগুলোতে চিংড়ির পোনা উৎপাদনের কারণ জানতে এক মাস আগে নোটিশ পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তবে সেবের যুগ্ম মহাসচিব নজিবুল ইসলাম দাবি করেন, হ্যাচারির বর্জ্য বা রাসায়নিক মোটেও সমুদ্রের পানি দূষিত করছে না। কারণ, সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য নোটিশ হ্যাচারি মালিকদের আরও বিপদে ফেলতে পারে। এর পরিপ্রেক্ষিতে কোনো হ্যাচারি বন্ধ হয়ে পোনা উৎপাদনে ধস নামলে তার প্রভাব পড়তে পারে পুরো চিংড়ি চাষে, যার কারণে চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ও আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। উখিয়া উপজেলার সোনারপাড়া এলাকার বলাকা হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক নজিবুল ইসলাম জানান, বর্তমানে তাঁদের উৎপাদিত প্রতিটি চিংড়ির পোনা বিক্রি হচ্ছে মাত্র পাঁচ-ছয় পয়সায়। অথচ উৎপাদনে খরচ হয় প্রায় ২৫ পয়সা। লোকসানে পড়ে ইতিমধ্যে ২৫টি হ্যাচারিতে পোনা উৎপাদন বন্ধ রয়েছে। বাকি ২৭টির অবস্থাও নাজুক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হ্যাচারির মালিক জানান, কিছু হ্যাচারির কর্তৃপক্ষ নির্গত বর্জ্য ও রাসায়নিক ইচ্ছাকৃতভাবে বিশেষ নলের মাধ্যমে সাগরে নিক্ষেপ করে। এ কারণেই সমুদ্রের পানি দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তর তৎপর হওয়ায় হ্যাচারি মালিকেরাও ছাড়পত্র নিতে বাধ্য হচ্ছেন। এতে অন্তত দূষণের কবল থেকে রক্ষা পাবে সমুদ্রের পানি।