ছাড়পত্র ছাড়াই সংরক্ষিত বন ঘেঁষে চার ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিতে লেখা আছে, সংরক্ষিত বনের ভেতর থেকে জ্বালানি কাঠ আহরণ নিষেধ৷ কিন্তু ভেতরে বেঅাইিনভাবে চারটি ইটভাটা স্থাপন করে বনের কাঠ পোড়ানো হচ্ছে৷ দেখার কেউ নেই৷ ছবিটি চট্টগ্রামের উত্তর কাট্টলী থেকে তুলেছেন জুয়েল শীল
বিজ্ঞপ্তিতে লেখা আছে, সংরক্ষিত বনের ভেতর থেকে জ্বালানি কাঠ আহরণ নিষেধ৷ কিন্তু ভেতরে বেঅাইিনভাবে চারটি ইটভাটা স্থাপন করে বনের কাঠ পোড়ানো হচ্ছে৷ দেখার কেউ নেই৷ ছবিটি চট্টগ্রামের উত্তর কাট্টলী থেকে তুলেছেন জুয়েল শীল

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী উপকূলীয় এলাকায় সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে চারটি ইটভাটা গড়ে উঠেছে। পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, বন বিভাগ ও জেলা প্রশাসনসহ কোনো দপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা চলছে। ভাটাগুলো বছরের পর বছর ধরে পরিবেশ দূষিত করে চলছে৷ এর প্রভাবে আশপাশের কৃষিজমির ফলনও কমছে বলে অভিযোগ উঠেছে৷
চারটি ইটভাটার মধ্যে কেএমএল নামেই দুটি ভাটা রয়েছে। অন্য দুটি ভাটা হলো এআরসি এবং জেএবি৷ ছাড়পত্র না থাকায় ২০১০ সালে পরিবেশ অধিদপ্তর কেএমএলের একটি ইটভাটা উচ্ছেদ করে। পরে তারা আদালতে রিট করে। কেএমএলের অন্য ভাটাটিকে সম্প্রতি সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ভাটা কর্তৃপক্ষ জরিমানা কমানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছে৷ এআরসি ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের করা মামলা বিচারাধীন রয়েছে। আর জেএবি নামের ভাটাটির কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক হারুনুর রশিদ জানান, এই চারটি ভাটার কোনোটির পরিবেশ অধিদপ্তর, বিএসটিআই, বন বিভাগ ও জেলা প্রশাসন বা অন্য কোনো দপ্তরের ছাড়পত্র নেই। একটি ছাড়া সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কেএমএলের ওই একটি ভাটা আদালতে রিট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ হারুনুর রশিদ বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চলের গা ঘেঁষে থাকা এই ভাটাগুলো উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসনকে বলেছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সাল থেকে উত্তর কাট্টলীর চরে উপকূলীয় বন বিভাগ চারা রোপণ করছে। ধীরে ধীরে তা ঘন বনাঞ্চলে পরিণত হয়েছে। ২০০০ সালের দিকে এই এলাকায় শহর রক্ষা বাঁধ বা বেড়িবাঁধের কূল ঘেঁষে ইট ভাটাগুলো গড়ে ওঠে। বন বিভাগ থেকে বারবার চিঠি দিয়েও এসব ইটভাটা উচ্ছেদ করা যাচ্ছে না।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও বিভাগীয় বন কর্মকর্তার অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু এই চারটি ভাটারই অবস্থান সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে আধা কিলোমিটারের মধ্যে৷ শুধু বন বিভাগের সঙ্গে লাগোয়া নয়, এই ভাটাগুলোর অবস্থান আবাসিক এলাকা এবং সিটি করপোরেশন এলাকার ভেতরেও। অথচ ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত এলাকার সীমানার অভ্যন্তরে কোনো ব্যক্তি কোনো ইটভাটা স্থাপন করিতে পারিবেন না, যথা— (ক) আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যেক এলাকা, (খ) সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদর, (গ) সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি (ঘ) কৃষি জমি, (ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা।’
সরেজমিনে দেখা যায়, ইটভাটা থেকে বসতির দূরত্ব মাত্র কয়েক শ গজ। পাশেই রয়েছে কৃষি জমি৷ ভাটা স্থাপনের পর থেকে এসব জমিতে ফলন দিন দিন কমছে বলে অভিযোগ তুলেছেন জমির মালিকেরা৷ আর বেড়িবাঁধের সঙ্গে গড়ে ওঠা ভাটাগুলো ওই বাঁধের নিচের মাটি কেটে ফেলায় হুমকিতে পড়ছে উপকূল।
এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুনিরুল ইসলাম বলেন, ‘বনাঞ্চলের সঙ্গে লাগোয়া এই ইটভাটাগুলো পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করছে। আমরা এগুলো উচ্ছেদের জন্য জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে চিঠি দিয়েছি।’
অভিযোগ প্রসঙ্গে কেএমএল ভাটার ব্যবস্থাপক মো. মুছা বলেন, ‘আমাদের কাছে ছাড়পত্র না থাকলে কি ইটভাটা চালাতে পারব? আমরা রিট করে ইটভাটা চালাচ্ছি। আমরা বাঁধ কিংবা বন ধ্বংস করছি না।’ এআরসি ভাটার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, ‘কোনো দপ্তরের ছাড়পত্র আছে কি না, আমি জানি না৷ সেটা ভাটার মালিক জানেন৷’ জেএবি ভাটায় গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি৷
এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে৷ এই চারটি ভাটার প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, তা নিশ্চিত হয়ে অভিযান চালানো হবে৷’