ছাড়পত্র না থাকায় ইটভাটার কার্যক্রম বন্ধ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবৈধভাবে গড়ে তোলা ‘মেসার্স মোল্লা ব্রিকস’ নামের একটি ইটভাটার কার্যক্রম গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা গড়ে তোলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ওই ভাটায় ইট পোড়ানো বন্ধের নির্দেশ দেয়। এ সময় জ্বলন্ত ভাটায় পানি ঢেলে দেওয়া হয় এবং বুলডোজার দিয়ে বেশ কিছু ইটও নষ্ট করা হয়। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল মাসে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই উপজেলার চান্দইর ইউনিয়নের চান্দইর গ্রামে ওই ইটভাটা নির্মাণ করা হয়। অবৈধভাবে ভাটা নির্মাণের দায়ে জুলাই মাসে ওই ভাটার মালিক মো. রফিকুল ইসলামকে পাঁচ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এরপর তিনি মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরে ইট পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। এর পরও চলতি নভেম্বর মাসের শুরুতে ওই ভাটায় ইট পোড়ানোর কার্যক্রম শুরু হয়। এ সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম এবং এনডিসি মো. সাইফুল ইসলাম ওই ভাটায় অভিযান চালান। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহামঞ্চদ নাজমুল হুদা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ওই ভাটায় জ্বলন্ত চুল্লিতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে দেন। এ ছাড়া, বুলডোজার দিয়ে বেশ কিছু কাঁচা ইট ভেঙে ফেলা হয়।ইটভাটার মালিক মো. রফিকুল ইসলাম বলেন, তিনি রাজনৈতিক পরিস্থিতির শিকার। ছাড়পত্রের অনুমতির জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহামঞ্চদ নাজমুল হুদা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ফসলি জমির ওপর ইটভাটা নির্মাণ করা হয়। ইতিমধ্যে ভাটাটি বন্ধের জন্য মালিককে নোটিশও দেওয়া হয়।