ছাড়পত্র না নিয়ে ইটভাটা নির্মাণ কৃষিজমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমি দখল করে ইটভাটা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বড়কুল (পূর্ব) ইউনিয়নের সেন্দ্রা গ্রামের পশ্চিম মাঠে ‘আল্লারদান’ নামক এই ইটভাটার নির্মাণকাজ চলছে। ফরিদগঞ্জ উপজেলার মো. মফিজুল ইসলাম চৌধুরী ও মো. আরিফ হোসেন যৌথভাবে এই ইটভাটা নির্মাণ করছেন। সেন্দ্রা গ্রামের শতাধিক কৃষক ও জমির মালিক ইটভাটা নির্মাণ বন্ধের জন্য ১ আগস্ট চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রয়েছে, সেন্দ্রা গ্রামের পশ্চিম পাশের মাঠটি এই এলাকার কৃষকদের একমাত্র আবাদি জমি। পাশের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের মো. মফিজুল ইসলাম চৌধুরী ও দিকদাইর গ্রামের আরিফ হোসেন জোর করে তাঁদের জমি দখল করে ও জমির মাটি কেটে ইটভাটার নির্মাণকাজ করছেন। দখলের প্রতিবাদ করলে তাঁদের একশ্রেণীর দালাল মামলা-হামলার ভয় দেখান। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া সরেজমিনে সংশ্লিষ্ট ইটভাটা পরিদর্শন করেন। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে বেআইনিভাবে ইটভাটা নির্মাণের জন্য সংশ্লিষ্ট ইটভাটার মালিকপক্ষকে ৮ আগস্ট কারণ দর্শানোর একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, সেন্দ্রা গ্রামে নির্মাণাধীন মেসার্স আল্লারদান ব্রিকফিল্ডের স্থান এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে বেআইনিভাবে বিল ভরাট করে কৃষিজমিতে ইটভাটা স্থাপনের কাজ শুরু করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন-১৯৮৯-এর উপধারা ৫ অনুসারে আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটার সীমানার মধ্যে এবং বিল ভরাট করে কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু আবাসিক ঘরবাড়ির কাছে বিল ভরাট করে কৃষিজমিতে ইটভাটা নির্মাণ শুরু করা হচ্ছে, যা দণ্ডনীয় অপরাধ। সরেজমিনে ইটভাটার নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক নৌকার মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কেটে স্তূপ করা হচ্ছে। সেখানে থাকা আল্লারদান ব্রিকফিল্ডের অফিস সহকারী অলি উল্লাহ জানান, প্রায় দুই মাস ধরে এই ইটভাটার নির্মাণকাজ চলছে। স্থানীয় বেলচো উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিজয় কৃষ্ণ মজুমদার জানান, ইটভাটার সীমানার মধ্যে এলাকার কৃষক এমদাদুল হক বাচ্চুর ৩৩, আবদুর রব ব্যাপারীর ২৭, আমির হোসেনের ৪৮, রত্নেশ্বর পালের ১২০ ও আবু তাহেরের ১২০ শতক জমি ইটভাটার মালিক দখল করে নিয়েছেন। সেন্দ্রা পশ্চিম মাঠের বোরো সেচ স্কিমের ব্যবস্থাপক আবদুল মালেক ব্যাপারী বলেন, এই মাঠে ৯৫ একর চাষাবাদের জমি আছে। ইটভাটাটি চালু হলে কৃষি কাজের জন্য কোনো জমি থাকবে না। স্থানীয় ইউপি সদস্য আবদুর রব মিয়া বলেন, ‘ইটভাটার নির্মাণকাজ বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের বিভিন্ন স্তরে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। একমাত্র পরিবেশ অধিদপ্তর ছাড়া অন্য কোনো দপ্তরের লোক এখনো ঘটনাস্থলে আসেননি। মালিকপক্ষ পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষকে ইটভাটার কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। পরে এলাকাবাসীর কাছ থেকে জানলাম নির্মাণকাজ চলছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।’ হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, তাঁকে বিষয়টি এখনো কেউ জানায়নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আল্লাহরদান ব্রিকফ্রিল্ডের মালিকপক্ষের একজন আরিফ হোসেন বলেন, ‘আমি ১২০ শতক জমি মূল মালিকের কাছ থেকে বার্ষিক ৮০ মণ ধানের বিনিময়ে ১০ বছরের জন্য ভাড়া নিয়েছি। ব্রিকফিল্ড নির্মাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেওয়া হয়েছে।’ তবে তিনি এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ইটভাটার মূল মালিক মফিজুল ইসলাম চৌধুরী ইটভাটার নির্মাণস্থলে তাঁর নিজস্ব কোনো জমি নেই স্বীকার করে বলেন, জমির মালিকের সঙ্গে যথাযথ প্রক্রিয়ায় চুক্তিপত্র করে তাঁদের জমি ভাড়া নেওয়া হয়েছে। তিনি কারও জমি জবরদখল করেননি বলে দাবি করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের সুপারিশ ছাড়া জেলা প্রশাসন ইটভাটা নির্মাণের অনুমোদন দিতে পারে না। ইটভাটার নির্মাণকাজ বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।