চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে আনোয়ারায় কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই রায় দেন।জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত এই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আরও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ ও নুশরাত জাহান।হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পরিবেশের ক্ষতি হবে বলে রিট আবেদনটি করা হয়। আদালত তিন কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ছাড়া ওই বিদ্যুৎকেন্দ্র করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন।একই তথ্য জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, এর ফলে এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে অনিশ্চয়তা কেটে গেল।