ছাড়পত্রের জন্য টাকা নেওয়ায় থানার মুন্সিকে প্রত্যাহার
পুলিশি ছাড়পত্রের (পুলিশ ক্লিয়ারেন্স) জন্য টাকা নেওয়ার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ থানার মুন্সি রণজিৎ সেনকে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডের অনুষ্ঠানে রণজিতের বিরুদ্ধে পুলিশি ছাড়পত্র দেওয়ার জন্য আবেদনকারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামছুন্নাহার অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন।
হাজীগঞ্জ থানা সূত্রে আরও জানা গেছে, থানার মুন্সি (দাপ্তরিক কাজে সহযোগিতাকারী) রণজিৎ সেন পুলিশি ছাড়পত্র দেওয়ার জন্য জনপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা করে নেন। গত রোববার বিকেলে ওপেন হাউস ডে অনুষ্ঠানে উপজেলার বড়কুল গ্রামের আবু তাহের উপস্থিত হয়ে রণজিতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন। স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান টুটুল অভিযোগ করে বলেন, গত সপ্তাহে তাঁর এক আত্মীয় সৌদি আরব যাওয়ার জন্য পুলিশি ছাড়পত্রের জন্য থানায় যান। ছাড়পত্রের জন্য রণজিৎ তাঁর কাছ থেকে দেড় হাজার টাকা নেন। হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।