ছাড়পত্রের ব্যাপারে নির্দেশনা চেয়ে আদালতে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া নবজাতকটিকে কীভাবে ছাড়পত্র দেওয়া হবে, সে ব্যাপারে নির্দেশনা চেয়ে গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ (মহানগর শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস আবেদনটি নথিভুক্ত করেছেন। ১২ মার্চ শুনানি শেষে আদেশের দিন ধার্য করেছেন আদালত।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ মঙ্গলবার লিখিতভাবে আদালতকে জানান, ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। এখনই ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা না গেলে নবজাতকটি অসুস্থ ও জীবাণুসংক্রমিত অন্য নবজাতক থেকে সংক্রমিত হতে পারে। তিনি বলেন, অভিভাবকহীন নবজাতকটিকে কীভাবে ছাড়পত্র দেওয়া হবে, সে বিষয়ে আদালতের জরুরি নির্দেশনা চেয়ে আবেদন করেছেন অধ্যাপক জগদীশ চন্দ্র দাশ।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আদালতে ১০টি আবেদন জমা পড়েছে। আবেদন করা ব্যক্তিদের মধ্যে স্কুলশিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও সরকারি কর্মকর্তা আছেন।