ছাড়া পেল হালদা নদীর পাতাল নাগিনী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীতে মাছ ধরার জালে পড়েছিল বিরল প্রজাতির পাতাল নাগিনী। গত শনিবার হাতজাল দিয়ে মাছ ধরার সময় মো. ইয়াকুবের জালে সাপটি ধরা পড়ে। পরে সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়। ধলই ইউনিয়নে হালদা নদীর তীর ঘেঁষে ইয়াকুবের বাড়ি। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তিনি জানান, নদীর আরবান আলী সওদাগরের ঘাট এলাকায় প্রায় এক মাস ধরে মাছ ধরার সময় জালে এ সাপ ধরা পড়ছে। এ পর্যন্ত ২০টির বেশি সাপ ধরা পড়েছে। মানুষ বেশির ভাগ সাপ মেরে ফেলেছে। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় গত শুক্রবার ‘রহস্যময় পাতাল নাগিনী’ শিরোনামের প্রতিবেদনে সাপটির বিবরণ দেখে এলাকাবাসী চিনতে পেরেছেন, এগুলো পাতাল নাগিনী। মো. ইয়াকুবের জালে ধরা পড়া সাপটি প্রায় তিন ফুট লম্বা। সোনালি ডোরাকাটা সাপটি দেখতে খুবই সুন্দর। এর মাথার দিকটা চিকন এবং লেজের দিকে মাছের লেজের মতো চ্যাপ্টা আকৃতির। ইয়াকুব সাপটি ধরে হাটহাজারী প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে নিয়ে আসেন। বিপুলসংখ্যক লোক সাপটি দেখতে ভিড় জমায়। যোগাযোগ করা হয় প্রাণিবিদ শরীফ খানের সঙ্গে। তিনি সাপটিকে আবার হালদা নদীতে ছেড়ে দেওয়ার পারামর্শ দেন। সে অনুসারে নদীর সর্তারঘাট সেতু এলাকায় গিয়ে সাপটি ছেড়ে দেওয়া হয়।