ছাড়া পেলেন না মেয়র বুলবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন বরখাস্ত হওয়ার মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের জামিনের কাগজ আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। তাঁর স্বজনেরাও কারা ফটকের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু ছাড়া পাননি তিনি। কারা কর্তৃপক্ষ জানায়, তাঁকে না ছাড়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে ফ্যাক্স এসেছে।

রাজশাহীর কারাগারে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম জানান, আজ সকাল ১০টার দিকে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পাঠানো একটি ফ্যাক্স পেয়েছেন। তাতে বলা হয়েছে, মোসাদ্দেক হোসেনের জামিন আদেশ স্থগিত করার জন্য গত বুধবার একটি একটি ‘ক্রিমিনাল মিসড কেস’ দায়ের করা হয়েছে। আগামী রোববার তার শুনানির দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে মিসড কেস খারিজ হয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
মোসাদ্দেক হোসেন বুলবুলের আইনজীবী রইসুল ইসলাম জানান, গত ১৩ মার্চ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করেন। তখন তার নামে নয়টি মামলা ছিল। আত্মসমর্পণ করার পরে রাজশাহীর আদালত থেকে সাতটি মামলার জামিন হয়েছে। আর দুটি মামলার জামিন হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে। এ দুটি মামলা হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম কামারুজ্জামানের বাসায় বোমা হামলা ও রাজশাহী নগরের কাদিরগঞ্জে নাশকতার মামলা। গত মঙ্গলবার হাইকোর্ট থেকে এ দুটি মামলার জামিন হওয়ার পর কাগজপত্র আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই দলের নেতা-কর্মী ও পরিবারের লোকজন অপেক্ষা করছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেন যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাঁকে না ছাড়ার জন্য একটি ফ্যাক্স বার্তা এসেছে।