রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জেলার বাগমারা থেকে আটক বাবা ও ছেলেকে পাঁচ দিন পরে আজ সোমবার ছেড়ে দেওয়া হয়েছে। আটক অপর দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রথমে আটক হাফিজুর রহমানের চার দিনের রিমান্ড গতকাল রোববার শেষ হয়েছে।
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে নগরের শালবাগান এলাকায় নিজ বাসার সামনে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার বাগমারা থেকে পুলিশ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল হাকিম ও তাঁর ছেলে আরিফুল হককে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান। পাঁচ দিন ধরে সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক রেজাউস সাদিক জানান, মামলা–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তাঁদের নিয়ে আসা হয়েছিল। আজ তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ মামলায় ঘটনার পরের দিন বাগমারার দরগামাড়িয়া গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী ও মতিহার থানার ললিতাহার এলাকার যুবক খায়রুল ইসলামকে পুলিশ আটক করে। গত বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ডের আবেদন করা হয়। কিন্তু সেদিন তাঁদের রিমান্ড শুনানি হয়নি। আজ দুপুরে শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম আদালত-১–এর বিচারক মোকসেদা আজগর তাঁদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ঘটনার দিন রাতেই আটক করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও রাজশাহী নগরের ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজুর রহমানকে। চার দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে ফের আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর কাছ থেকে এই হত্যাকাণ্ডের কোনো সূত্র পাওয়া গেছে কি না, জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বলার মতো সে রকম কিছু পেলে সবাইকে জানানো হবে। তিনি বলেন, হাফিজুরের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এখন সেগুলো তাঁরা যাচাইবাছাই করে দেখছেন।
আরও পড়ুন: