ছাড়া পেয়ে দাউদ মার্চেন্ট হাওয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরেরও বেশি সময় বাংলাদেশের কারাগারে আটক থাকার পর ভারতীয় সন্ত্রাসী আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে মুক্তি দেওয়া হয়েছে। এরপর তিনি কোথায় গেছেন কিংবা তাঁকে কারও হেফাজতে নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে সরকারি কোনো সংস্থা কিছু বলছে না।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির গতকাল সোমবার বলেন, রোববার বিকেল সাড়ে চারটার দিকে দাউদ মার্চেন্টকে মুক্তি দেওয়া হয়। এরপর তাঁর অবস্থান কোথায় সে বিষয়ে তাঁদের কাছে তথ্য নেই।
কারাগার থেকে দাউদ কীভাবে বেরিয়ে গেছেন, জানতে চাইলে জাহাঙ্গীর কবির বলেন, ‘কারাগারের অফিস কক্ষ থেকে তাঁকে ছেড়ে দেওয়ার পর তিনি কীভাবে গেছেন সেটি জানা নেই। ওনার মতো শত শত আসামি আছে, যারা ছাড়া পাচ্ছে প্রতিদিন। কে কোন দিকে যায় তা দেখা সম্ভব নয়।’
দাউদ মার্চেন্ট ভারতের মুম্বাইয়ের অপরাধ জগতের ‘ডন’ হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের সহযোগী বলে এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল। দাউদ মার্চেন্ট মুম্বাইয়ের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমার হত্যার মামলারাও আসামি। তাঁকে উলফা নেতা অনুপ চেটিয়ার মতো ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, সে ব্যাপারে গতকাল সাংবাদিকেরা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাউদ মার্চেন্টের সাজাভোগের মেয়াদ শেষ হয়েছে। এ জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ‘পুশব্যাক-পুশইনের’ বিষয়ে তিনি কিছু জানেন না।
অবশ্য এর আগে গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘যে বিদেশিদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের কয়েকজন কারাগারে রয়েছে। যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে, তাদের ফেরত পাঠাতে আমরা সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে যোগাযোগ করি। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দাউদ মার্চেন্টের ক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টি-সিরিজের মালিক গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ আগস্ট ভারতের আন্ধেরতে হত্যা করা হয়। ২০০২ সালে ওই মামলায় দাউদ মার্চেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ। এরপর ২০০৯ সালে ১৪ দিনের প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি।
২০০৯ সালের ২৮ মে ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ দাউদকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করে পুলিশ। ২০১৪ সালের ডিসেম্বরে দাউদ জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পরপরই তাঁকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ৩ নভেম্বর দাউদ মার্চেন্টকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অভিযোগ থেকেও অব্যাহতি দেন আদালত।
এর আগে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন বাংলাদেশের কারাগারে ছিলেন। সাজার মেয়াদ শেষ হওয়ার দীর্ঘদিন পর অনুপ চেটিয়াকে গত বছরের নভেম্বরে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ১১ নভেম্বর ভারতের গণমাধ্যমে এ খবর বের হওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষ খবরের সত্যতা স্বীকার করেছিল।