ছাড়া পেয়েই সন্ত্রাসীরা খুন করল কারখানার নিরাপত্তাকর্মীকে
চাঁদাবাজির অভিযোগে গত ঈদের আগে রাজধানীর চকবাজার থানায় জিডি করেছিলেন এক ব্যবসায়ী। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারও করেছিল। পরে সেই অভিযুক্ত ব্যক্তিরা ছাড়া পেয়ে গতকাল মঙ্গলবার ওই ব্যবসায়ীর কারখানায় হামলা চালায়। তারা কুপিয়ে খুন করেছে কারখানার নিরাপত্তাকর্মীকে।নিহত নিরাপত্তাকর্মীর নাম মফিজুর রহমান (৪৫)। তিনি লালবাগ কেল্লার মোড়ে আনোয়ার পলিমার ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। চকবাজার থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় লালবাগে আনোয়ার পলিমারের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন মফিজুর। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী এসে ভেতরে ঢুকতে চাইলে মফিজুর বাধা দেন। এরপর সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে মফিজুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তাঁর মৃত্যু হয়। মফিজুর লালবাগের শহীদনগরে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে।আনোয়ার পলিমার ইন্ডাস্ট্রিজের মালিক দেলোয়ার হোসেনের শ্যালক জিয়াউর রহমান বলেন, গত ঈদের আগে স্থানীয় বাদল গ্রুপের সন্ত্রাসীরা কারখানার মালিকের কাছে চাঁদা চায়। তখন বিষয়টি পুলিশকে জানালে সন্ত্রাসীদের কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গতকাল এ ঘটনা ঘটায়।চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ঈদের আগে দেলোয়ার হোসেনের অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তারা এ ঘটনা ঘটিয়েছে বলে শোনা যাচ্ছে।