ছাড়ে ছাড়ে বিদেশ ভ্রমণ

সিয়াম আহমেদের হাতভর্তি লিফলেট। মেলা প্রাঙ্গণের বাইরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে লিফলেটগুলো দেখছিলেন। গন্তব্য জানতেই বললেন, ‘অফার তো অনেক আছে। এখন কে কত কম দিচ্ছে, তা দেখে ভাবতে হবে। তবে থাইল্যান্ড, মালয়েশিয়াতে ইচ্ছা আছে।’
আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০১৮’। ভ্রমণবিষয়ক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটরের উদ্যোগে এই পর্যটন মেলার আয়োজন। ইভেন্ট প্রধান এহসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘চাহিদার কথা চিন্তা করে গত সাত-আট বছর ধরে এই ট্রাভেল মার্ট আয়োজন করে আসছি। এবার ৬৯টি স্টল ও পাঁচটি প্যাভিলিয়ন অংশ নিয়েছে।’ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।
মেলায় ঢুকে সোজা তাকালেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্যাভিলিয়ন। বেশ ভিড়। লাইনে দাঁড়িয়ে একেকজন বুকিং দিচ্ছেন। বুকিং শেষ করেই মুখে রাজ্যের হাসি নিয়ে বের হচ্ছেন। আকতার সোহেলী ব্যাংককের ফ্লাইট বুক করেছেন। তিনি বলেন, ‘বিমানের ছাড়টাই বেশি মনে হলো। নিয়ে নিলাম।’
ট্রাভেল মার্ট উপলক্ষে কলকাতা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর রুটে বিমান ২০ শতাংশ ছাড় দিচ্ছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণি এখন ভ্রমণে আগ্রহী হচ্ছে। ২৬ মার্চকে ধরে সামনে চার দিনের একটা ছুটি আছে। এ রকম ছুটি পেলেই মানুষ ঘুরতে যাচ্ছে। তাঁদের কথা মাথায় রেখে বিমান এ অফার দিয়েছে।’ তিনি জানান, অন্যান্য বারের চেয়ে এবার বেশি সাড়া পাওয়ার আশা করছেন। এখন পর্যন্ত ব্যাংককের ফ্লাইট বেশি বুক হয়েছে। যাওয়া-আসায় ব্যাংককে বিমানে খরচ পড়বে ১৭,৬০৩ টাকা।

কদিন পড়েই ফুটবল বিশ্বকাপ। ট্রাভেল মার্টেও আছে তার ছোঁয়া। মাউন্টেন ক্লাব ট্যুরস আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচের টিকিটসহ প্যাকেজ দিচ্ছে। ভিসা সহায়তা, ফিরতি টিকিটসহ নানা কিছু আছে এই প্যাকেজে। জনপ্রতি খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এ খরচটা পড়বে একসঙ্গে দুজন বুকিং দিলে একেকজনের জন্য। আর কেউ যদি একা যেতে চান, তাহলে খরচ আরও বাড়বে। জানালেন, এই তিন দিনের মধ্যেই বুকিং দিতে হবে। এর মধ্যে ৩০টি বুকিং হয়েছে।
মধ্যপ্রাচ্যে ঘোরার জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান অফার দিচ্ছে। এয়ার অ্যারাবিয়া সংযুক্ত আরব আমিরাতে ৫০ হাজার টাকার একটি প্যাকেজ এনেছে। ভিসা, ফিরতি টিকিটসহ তিন রাত থাকা যাবে এই প্যাকেজে। এ ছাড়া মস্কো, ইস্তাম্বুল, মিশর ও নাইরোবিতে টিকিটে রয়েছে ৩০ শতাংশ ছাড় রয়েছে। তবে অফারগুলো পেতে মেলা চলাকালে বুকিং দিতে হবে। যার মেয়াদ থাকবে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। লেক্সাস হলিডেজ, ইনো গ্লোবালসহ কয়েকটি প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বেশ কিছু অফার দিচ্ছে।
রিজেন্ট এয়ারওয়েজ নির্দিষ্ট কিছু ফ্লাইটে ১২ শতাংশ ছাড় দিচ্ছে। ছাড় আছে ইউএস বাংলাতেও। নেপাল, ভুটান, শ্রীলঙ্কার কয়েকটি ট্রাভেল এজেন্সি এ মেলায় অংশ নিয়েছে। বিদেশ ভ্রমণ ছাড়াও দেশে কক্সবাজারভিত্তিক হোটেলগুলোও নানান প্যাকেজ দিচ্ছে।