
অফিস থেকে ১০ মিনিটের সময় হাতে নিয়ে বের হয়েছেন। কিন্তু কোন ফ্রিজটা নেবেন, তা জামিল খান এখনো পছন্দ করতে পারেননি। ঘুর ঘুর করছেন জিগাতলায় ওয়ালটনের শো-রুমে। বললেন, ‘ফ্রিজ কিনতে এই সময়টার জন্যই অপেক্ষা করি। আজকে না হলেও সামনের সপ্তাহে কিনেই ফেলব। দেখি যদি আরও কিছু অফার পাওয়া যায়।’
জিগাতলার শো-রুমের বিক্রয় কর্মকর্তা রুবেল আহমেদ বলেন, ‘সারা বছরই আমাদের বিক্রি ভালো থাকে। তবে ঈদে তা অনেক বেড়ে যায়।’
চারদিকে এখন ‘অফার’ আর ছাড়ের ছড়াছড়ি। তাই জামিল খানের মতো অনেকেই এখন ইলেকট্রনিকস পণ্যের শো-রুমগুলোয় ঢুঁ দিচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরই ইলেকট্রনিকস পণ্যের চাহিদা বেড়ে যায়। এর মধ্যে ফ্রিজের চাহিদা সবচেয়ে বেশি। আজ দুপুরে জিগাতলায় এলজি ও বাটারফ্লাইয়ের শো-রুমে দেখা যায় ক্রেতাদের বেশ আনাগোনা। এর ব্যবস্থাপক সানজিদা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ঈদ এলেই ফ্রিজ ও মাইক্রোওভেনের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে ডিপ ফ্রিজ। কয়েক মাসের সমান বিক্রি হয় এই কোরবানির ঈদ এলে। তবে ঈদের এক সপ্তাহ আগে মানুষ ভিড় জমায় বেশি। এখন শুধু ঘুরে দেখে যাচ্ছে। তাঁরা হয়তো শেষ দিকে আরও কিছু ছাড়ের অপেক্ষায় থাকে।’
তিনি আরও বলেন, মূলত মাঝারি আকারের মধ্যে ২০০ থেকে ২৫০ লিটারের ফ্রিজ বেশি চলে। এলজির মাঝারি আকারের ফ্রিজ ৩৩ হাজার থেকে ৪৮ হাজার টাকা। বাটারফ্লাইয়ের ২৬ হাজার থেকে ৩৮ হাজার টাকা। অন্তত পাঁচ হাজার টাকার পণ্য কিনলে এখানে ছাড় রয়েছে। ঈদ পর্যন্ত চলবে।
এলজি ও বাটারফ্লাই শো-রুমের পাশেই আছে বেস্ট ইলেকট্রনিকস। এখানে চলছে স্ক্র্যাচ কার্ডের অফার। ১০ হাজার টাকার পণ্য কিনলে সর্বনিম্ন ৯০০ টাকার ছাড় রয়েছে। এ মাসের শুরুতে এ অফার চালু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ রয়েছে তাদের সংগ্রহে।
ট্রান্সকম ডিজিটালে আছে স্যামসাং, ওয়ার্লপুল, ট্রান্সটেক ও হিটাচির ফ্রিজ। এখানেও অফারের চমক। গ্রামীণফোনের স্টার গ্রাহক হলে ৫ থেকে ১০ শতাংশ ছাড়। এ ছাড়া নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে কিনলেও ছাড় আছে। ট্রান্সকমের ধানমন্ডি শাখার সহকারী ব্যবস্থাপক আমিনুর রহমান আজাদ বলেন, ‘এই ঈদে মূলত মসলা গুঁড়ো করার মেশিন ও ফ্রিজার বেশি চলে।’ এখানেও জানা গেল, মাঝারি আকারের ১৫২ থেকে ২৫২ লিটারের ফ্রিজ বেশি বিক্রি হয়।
সুলতানা ফিরোজের মেয়ে দেশের বাইরে থাকে। তাঁর জন্য কোরবানির মাংস পাঠানোর ব্যবস্থা করবেন। তাই গতবার একটি ফ্রিজ কিনলেও এবার আরেকটি কিনতে এসেছেন ট্রান্সকম ডিজিটালে। বললেন, ‘গত মাসেই দেখে গিয়েছিলাম, কিন্তু ঈদের সময় ছাড় পাব বলে তখন কিনিনি। আজকে ছোট দেখেই একটি ডিপ ফ্রিজ কিনব।’