ছায়া আদালতে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলী বুচারি ও তাঁর সহযোগী করিম মুক্তিযুদ্ধের সময় মানবহত্যা ও ধ্বংসলীলার মতো যে অপরাধ করেছেন, তাতে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া সমীচীন নয়। ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।’ গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ছায়া আদালতের বিচারক এ কে বদরুল হক যুদ্ধাপরাধীদের শাস্তির এ রায় পড়ে শোনান। আলী বুচারি ও করিম যুদ্ধাপরাধীদের প্রতীকী নাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের দায়ে দুজনই অভিযুক্ত। বহু প্রতীক্ষিত যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেন এ ছায়া আদালতের। ছায়া আদালতের মাধ্যমে এ প্রজন্মের শিক্ষার্থীরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করারও দাবি জানান। বিচারপতি এ কে বদরুল হকের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনালে বিচারক হিসেবে আরও ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান এম বদরুদ্দিন। ছায়া আদালত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে ওই দুজনের মৃত্যুদণ্ডের রায় দেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেন, আলী বুচারি ও করিম নামের দুই রাজাকার ও আলবদর সদস্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, মানবতা ও শান্তিবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, আদালত জানতে চাইলে কৌঁসুলিরা মুক্তিযুদ্ধের সময় ‘ধলাহারা’ (প্রতীকী নাম) গ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন। তাঁরা বলেন, ওই হত্যাকাণ্ডে আলবদর বাহিনীর অধিনায়ক (কমান্ডিং চিফ) আলী বুচারি সরাসরি জড়িত ছিলেন। সহযোগিতা করেছেন রাজাকার-নেতা (কমান্ডার) করিম। আদালতে এ ব্যাপারে সাক্ষ্য-প্রমাণ তুলে ধরেন কৌঁসুলিরা।এ সময় আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন রেখে বলেন, মুক্তিযুদ্ধের সময় মূল হত্যাকারী ও ধর্ষণকারীদের (পাকিস্তানি সেনাবাহিনী) বাদ দিয়ে দোসরদের বিচার করা কতটুকু যুক্তিযুক্ত, তা-ই বিবেচ্য বিষয়। তাঁরা আরও বলেন, তাঁদের দুই মক্কেলের বিরুদ্ধে আগে কোনো মামলা হয়নি; এত বছর পরে কেন হবে। এ পর্যায়ে আদালত বলেন, আগে ব্যবস্থা নেওয়া হয়নি বলে যে এখন নেওয়া যাবে না, এমন তো কোনো কথা নেই। ছায়া আদালতের আইনি সহায়তাকারী (অ্যামিকাস কিউরি) এম আমীর-উল ইসলাম বলেন, অপরাধ সব সময়ই অপরাধ। যখন হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুণ্ঠন করা হয়, তখন তা অপরাধই ছিল; এখনো তা অপরাধ। আর এ ব্যাপারে শাস্তিটা প্রতিশোধমূলক নয় বরং প্রতিষেধকমূলক পদক্ষেপ। ছায়া আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকেয়া চৌধুরী ও তানজিনা শারমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাবাসসুম মাখদুমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সনজিব হোসেন। গবেষণা সহযোগী হিসেবে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাহমুদা সাজ্জাদ। আসামিপক্ষের আইনজীবী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনজুর রাব্বী, রাশেদুল হক, সাইয়েদা নাসরিন ও গাজী সঙ্গীতা এবং গবেষণা সহযোগী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্পিতা শামস ও আমরিন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। আদালত শুরু হওয়ার আগে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি জানিয়ে বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, ফোরামের সহসভাপতি মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ।