ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলন শুরু
তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে কূটনৈতিক চর্চা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তৃতীয় জাতীয় ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলন।
গতকাল রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা)।
অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বে টেকসই উন্নয়নে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। সুস্পষ্ট ধারণা রাখতে হবে জাতিসংঘের কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কেও। তাহলেই একটি জাতিকে সামনে এগিয়ে নেওয়া যাবে। তিনি বলেন, বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে, যা বিশ্ব শান্তি এবং মানবাধিকার রক্ষায় তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আর্জেন্টিনা মাতাভেল পিসিন, ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্সের কাউন্সেলর চেন চুং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন ও ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের (ইউএনআইসি) অফিসার ইন-চার্জ মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।