ছায়া পড়ে, তাই কাটা পড়ল ১৪টি গাছ
ছায়া পড়ার অভিযোগে শুক্রবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বিমল কুমার সরকারের ১৪টি মেহগনি গাছ কেটে ফেলেছেন প্রতিবেশীরা। এ ঘটনায় গতকাল শনিবার লালপুর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বজলুর রহমান, তছলুর রহমান ও মুকুল প্রতিবেশী বিমল কুমার সরকারের জমির পাঁচ বছর বয়সের ১৪টি মেহগনি গাছ জোরপূর্বক কেটে ফেলেছেন।বজলুর রহমান বলেন, ‘বিমলের বাবা মৃত ভবেশ চন্দ্র সরকারের কাছ থেকে আমরা ১২ শতাংশ জমি কিনেছি। ওই জমিতে গাছগুলো আমরাই লাগিয়েছি। গাছগুলো আমাদের জমির সীমানায় আইলে পড়ায় এবং গাছের ছায়া পড়ে আমগাছের ক্ষতি হওয়ায় কেটে ফেলেছি।’বিমল কুমার সরকার বলেন, ‘আমার বাবার বিক্রি করা সম্পত্তি পাঁচ বছর আগে তাঁদের বুঝিয়ে দিয়েছি। কেটে ফেলা গাছ আমার জমিতে ছিল। তবে ওই জমিতে বজলুর রহমানের নার্সারি থাকাকালে সমঝোতার ভিত্তিতে গাছগুলো রাখা হয়েছিল।’