
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দলীয় এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। টিউলিপই প্রথম কোনো সদস্য, যিনি ব্রেক্সিটের (ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া) বিরোধিতা করে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন।
ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্য সরকারের আনা ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দিতে লেবার পার্টির নেতা জেরেমি করবিন নির্দেশ জারি করার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন টিউলিপ।
২০১৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তিনি লেবার পার্টির শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক্-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার বিপক্ষে ছিলেন।
জেরেমি করবিনের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে টিউলিপ বলেন, গণভোটে তাঁর নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ মানুষ ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিল। এখন এ বিলের পক্ষে ভোট দেওয়া তাঁর নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে।
ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে গত বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করে সরকার। ওই দিন সকালেই জেরেমি করবিন বিলটিকে সমর্থন দেবেন বলে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান। আর তখনই পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান টিউলিপ।