ছায়া যেখানে বিদ্যালয় সেখানে
ফাঁকা মাঠের ভেতর একটি বাবলাগাছ। গাছটির ছায়া যেদিকে সরে যাচ্ছে, বিদ্যালয়টিও সেদিকে সরিয়ে নিতে হচ্ছে। এভাবেই গাছের ছায়ায় পাঠদান চলছে রাজশাহীর পবা উপজেলার চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিন বছর আগে পাকা বিদ্যালয় ভবনটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর থেকে এভাবেই চলছে বিদ্যালয়টি।উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আবু আলম বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠা ১৯৬৫ সালে, স্থানীয় কিছু শিক্ষানুরাগীর আন্তরিক প্রচেষ্টায়। ১৯৯৩-৯৪ সালে বিদ্যালয়ের একটি পাকা ভবন তৈরি হয়। কিন্তু ২০০৭ সালের শেষে পদ্মার ভাঙনে সে ভবনটি তলিয়ে গেলে এর পাঠদানব্যবস্থা ভেঙে পড়ে। তার পর থেকে কখনো মক্তবের বারান্দায়, কখনো গাছের নিচে পাঠদান চলছে।আবু আলম বলেন, গ্রামের লোকেরা চাঁদা তুলে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর বিদ্যালয় ভবন তৈরি করার জন্য একখণ্ড জমি কিনেছেন। বিধি অনুযায়ী বিদ্যালয়ের নামে জমি খারিজ করে প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ একটি অস্থায়ী ঘরও তৈরি করে দেয়নি।কোথায় এখন বিদ্যালয়টি চলছে, খোঁজ নিতে গত বৃহস্পতিবার চর খিদিরপুর পশ্চিমপাড়ায় গিয়ে একটি বাবলাগাছের নিচে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় দুজন শিক্ষককে পাওয়া যায়। গাছের নিচে কয়েকটি বেঞ্চ, খেজুরপাতার পাটি ও চাটাই পাতা রয়েছে। তাতে বসেছে শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরপর ছায়া সরে যাচ্ছে, আর তারা বেঞ্চ, চাটাই ও পাটি টেনে নিচ্ছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী কানিজ ফাতিমা বলে, ‘স্যার পাকা করেনি। তাই গাছতলায় ক্লাস হচ্ছে।’ গাছতলায় পড়তে কেমন লাগছে, জানতে চাইলে সে মাথা নিচু করে একটু হেসে বলে, ‘ভালোই লাগছে।’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কেয়া খাতুন বলে, ‘রোদে বসতে হচ্ছে। লিখতে অসুবিধা হচ্ছে। একটা ঘর দরকার।’ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলে, ‘কষ্ট হচ্ছে। একটা ঘর থাকলে ভালো হতো।’বিদ্যালয়ের দ্বিতীয় শিফট চালু হলে রোদও বেড়ে যায়। আর ছোট্ট ছায়ায় সবার জায়গা হচ্ছে না দেখে কয়েকজন শিক্ষার্থী মাঠের মধ্যে একটি বাড়ির পাশে গিয়ে খেজুরপাতার পাটি বিছিয়ে বসে।জানা গেল, বিদ্যালয়ে ২৬৬ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে প্রশিক্ষণে আছেন দুজন। দুজন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে আসেননি। শিক্ষক সাইফুল ইসলাম ও মুর্শিদিন বিল্লাহ পড়া দেখাচ্ছেন দাঁড়িয়ে। তাঁদের বসার কোনো জায়গা নেই। সাইফুল জানালেন, বিদ্যালয়ে কয়েকটি বেঞ্চ রয়েছে। সেগুলো একটি বাড়িতে রাখা হয়। ক্লাস শুরুর আগে বাচ্চারা ওই বাড়ি থেকে বেঞ্চগুলো নিয়ে আসে, ক্লাস শেষে আবার রেখে আসে। আর পাটি ও চাটাইগুলো মক্তবের। সেগুলোও দিয়ে আসতে হয়। শিক্ষকেরা জানান, তাঁদের পদ্মা নদী পার হয়ে বিদ্যালয়ে আসতে হয়। খেয়ানৌকায় লোকবোঝাই না হলে ছাড়তে চায় না। তখন ২০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করে আসতে হয়। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের আশ্বাস দিলেন, খুব শিগগিরই বিদ্যালয়টির একটা ব্যবস্থা হয়ে যাবে।