ছায়া সংসদে শিশুদের দাবি পূরণের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের কারও কথায় উঠে এল দেশব্যাপী শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র। কেউ তুলল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রসঙ্গ। কারও কণ্ঠে ছিল বিদ্যালয়ে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার সঙ্গে পরিচ্ছন্ন শৌচাগারের দাবি।

গতকাল মঙ্গলবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এভাবেই জাতীয় সংসদের আদলে তৈরি এক ছায়া সংসদে সত্যিকারের মন্ত্রী ও সাংসদদের উপস্থিতিতে দেশের ৬৪ জেলা ও ২০টি বিশেষ অঞ্চলের ৮৬ শিশুশিক্ষার্থী তুলে ধরল তাদের বিভিন্ন সমস্যার কথা।

‘চাইল্ড পার্লামেন্ট’ নামের এই ছায়া সংসদের শিশুরা প্রত্যেকেই ছিল একেকজন সাংসদ কিংবা স্পিকার-ডেপুটি স্পিকারের ভূমিকায়। সংসদের পৃথক দুটি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তাঁরা প্রত্যেকে এই খুদে সাংসদদের উত্থাপিত নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।

সমাপনী অধিবেশনে শিক্ষামন্ত্রী চাইল্ড পার্লামেন্টের কার্যকারিতা সম্পর্কে বলেন, ‘এই সাংসদেরা যে সমস্যাগুলো আজ আমাদের সামনে তুলে ধরলেন, তা তাঁদের প্রত্যেকের জীবন থেকে উঠে আসা। দেশের বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন সামাজিক পরিসর থেকে তাঁরা এখানে এসেছেন। তাই তাঁদের করা প্রশ্নগুলোতে দেশের সব অঞ্চলের, সব মানুষের চিন্তার প্রতিফলন ঘটেছে। এটাই এই সংসদের সবচেয়ে বড় শক্তি।’ সমাপনী অধিবেশনে আলোচনার নির্ধারিত বিষয় ছিল ‘দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারি বাজেট বৃদ্ধি।’ এই অধিবেশনে বিদ্যালয়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে তৎপর হওয়ার তাগিদ দেন মন্ত্রী। এর আগে সকালের অধিবেশনে আলোচনার নির্ধারিত বিষয় ছিল ‘শিশুহত্যা বন্ধ করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’। বাংলাদেশে শিশু অধিকার প্রতিষ্ঠায় চাইল্ড পার্লামেন্ট একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন হিসেবে এক দশকের বেশি সময় ধরে কাজ করে আসছে। এটি ছিল চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন। বাংলাদেশ শিশু একাডেমী, বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ অধিবেশনের আয়োজন করে।