রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) রাজশাহী বিভাগীয় শাখা এ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানানো হয়, বৃহস্পতিবার বেলা তিনটায় শহরের কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর সম্মেলনের বিভিন্ন সেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ছয়টি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৩০০ শিক্ষার্থী অংশ নেবেন। তাঁরা ছয়টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় বা সমস্যা নিয়ে আলোচনা করবেন। তৃতীয় দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চতুর্থ দিন সাধারণ পরিষদে রেজুলেশন পাস ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।