ছায়ানটে শুরু বইমেলা
শিশু-কিশোরদের কাছে বই পৌঁছে দিতে শ্রেণিকক্ষের পাশেই বইমেলার আয়োজন করেছে প্রকাশকদের প্ল্যাটফর্ম ‘কৈশোর তারুণ্যে বই’। গতকাল রোববার ছায়ানট ভবনে এই মেলার উদ্বোধন করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও প্রাবন্ধিক মোরশেদ শফিউল হাসান এই বইমেলা উদ্বোধন করেন। উদ্বোধনের পর শিশুদের সঙ্গে বই নিয়ে তাদের অনুভূতির কথা শোনেন অতিথিরা। সে সময় আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও আনিসুল হক।
ছায়ানট সংস্কৃতি-ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় বইয়ের পসরা নিয়ে বসেছে বেশ কয়েকটি প্রকাশনী। ছায়ানটের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ঘুরে ঘুরে দেখছেন এবং প্রয়োজনীয় বই সংগ্রহ করছেন।
আয়োজকদের পক্ষে অনন্যা প্রকাশনের প্রধান নির্বাহী মনিরুল হক বলেন, ‘আমরা দশ প্রকাশক মিলে এই প্ল্যাটফর্ম করেছি। সারা দেশে প্রায় ২৫টি বইমেলা করেছি আমরা। এই আয়োজনের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মেলা। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিশুরা যেন ক্লাসের পাশে ক্লাসের বাইরের বইগুলো পেয়ে যায়।’
‘কৈশোর তারুণ্যে বই’-এর এই মেলা চলবে ২ আগস্ট পর্যন্ত। ছায়ানটের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মেলায় যোগ দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র, অনন্যা, জাগৃতি, সময়, অ্যাডর্ন, অনুপম ছাড়া আরও বেশ কিছু প্রকাশনী।