ছায়ানটের বর্ষবরণের অর্ধশতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানট ভবনে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য গানের অনুশীলন করছেন শিল্পীরা। গত মঙ্গলবার তোলা ছবি l সাজিদ হোসেন
ছায়ানট ভবনে বর্ষবরণ অনুষ্ঠানের জন্য গানের অনুশীলন করছেন শিল্পীরা। গত মঙ্গলবার তোলা ছবি l সাজিদ হোসেন

আগামীকাল পয়লা বৈশাখে রমনার বটমূলে সূর্যোদয়ের মুহূর্তে ছায়ানটের শিল্পীরা যখন সমবেত কণ্ঠে গেয়ে উঠবেন ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও...,’ তখন তাঁরা আসলে পুনরাবৃত্তি করবেন ৫০ বছর আগের একটি মুহূর্তের। অর্ধশতক আগে ঠিক এই গান দিয়েই শুরু হয়েছিল ছায়ানটের বর্ষবরণের রেওয়াজ, যেটা আজ পয়লা বৈশাখের একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠেছে।
দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট তাদের বর্ষবরণের অর্ধশতক পূর্তি উপলক্ষে এবারের আয়োজন বিশেষভাবে সাজিয়েছে। প্রস্তুতির শুরু চলেছে মাসখানেক ধরে। গত মঙ্গলবার ধানমন্ডির ছায়ানট ভবনে আয়োজন সম্পর্কে প্রথম আলোকে বিস্তারিত জানালেন সহসভাপতি শিল্পী খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদ লিসা।
১৯৬৭ থেকে ২০১৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বটমূলের প্রভাতি অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের আলোকচিত্রের প্রদর্শনী চলছে ৩১ মার্চ থেকে। ছায়ানট ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত এই প্রদর্শনী সাজানো হয়েছে বাঙালির জাতীয় চেতনার উন্মেষ থেকে সাম্প্রতিক জঙ্গিবাদ প্রতিরোধপর্ব অবধি কালানুক্রমে।
এ ছাড়া একটি স্মরণিকা ও বর্ষপঞ্জি প্রকাশিত হয়েছে ৭ এপ্রিল। সেদিন একটি সেমিনার হয়েছে। তাতে মূল প্রবন্ধ পড়েছেন মফিদুল হক। সভাপতিত্ব করেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন। আর ২০০১ সালে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত দর্শকদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করা হবে আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায়। কথা ও গানেরও আয়োজন থাকবে।
কাল শুক্রবার রমনার বটমূলে প্রভাতি সংগীতানুষ্ঠানের ভেতর দিয়ে শেষ হবে ছায়ানটের মাসব্যাপী কর্মসূচি। বেশ কিছু নতুনত্ব থাকবে এবারের আয়োজনে। মঞ্চ সজ্জায় পরিবর্তন আনা হবে। ভোরের স্নিগ্ধতার প্রকাশ থাকবে সাজসজ্জায়। শাকিল ও লিসা জানালেন, মাসখানেক আগে থেকেই চলছে গানের রেওয়াজ। শিশুদের দলসহ ১১৫ জন শিল্পী উঠবেন মঞ্চে। অতিথি শিল্পী রাজরূপা চৌধুরীর সরোদ বাদনের ভেতর দিয়ে ঠিক ভোর ৬টা ১০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। এরপরে সম্মেলক গান ‘আলোকের এই ঝর্ণাধারায়’। এবার আনন্দ, মানবতা, দেশপ্রেম ও উদ্দীপনামূলক কালজয়ী গানগুলো দিয়ে সাজানো হয়েছে তালিকা।
পঞ্চকবির গান ছাড়াও থাকবে ‘টাকডুম টাকডুম বাজে’, ‘ওরে বিষম দরিয়ার ঢেউ’সহ বেশ কিছু লোকগান ও গণজাগরণমূলক গান। শেষ হবে ‘তোরা সব জয়ধ্বনি কর’ দিয়ে। বরাবরের রীতি অনুসারে এরপরে থাকবে ছায়ানট সভাপতি সন্জীদা খাতুনের কথা। পরিবেশিত হবে জাতীয় সংগীত। তবে একেবারে শেষ হবে না অনুষ্ঠান। দ্রুত বদলে ফেলা হবে মঞ্চসজ্জা। দ্বিতীয় পর্বে সাড়ে আটটা থেকে হবে পালাগান। দিলু বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করবেন দিওয়ানা-মদিনা পালা। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে পালাগানের পরিবেশনা এবারেই প্রথম।
দীর্ঘ এই পথপরিক্রমায় ছায়ানটের অর্জন নিজেদের মূল্যায়নে কেমন? সভাপতি সন্জীদা খাতুন বলছেন, ৫০ বছর পার করা তো নিশ্চয়ই খুব আনন্দের। সহসভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেও বললেন আনন্দের কথা। তবে ছায়ানট বাঙালিকে সংস্কৃতি সচেতন করতে একটি বড় ভূমিকা রেখেছে। তারা গানে গানে নববর্ষ বরণের যে রীতি সৃষ্টি করেছে, এর অনুসরণে দেশের বাইরেও বাংলা ভাষাভাষীরা যেখানে আছেন অনুষ্ঠান করছেন। অল্পসংখ্যক মানুষ নিয়ে ছায়ানটের যে যাত্রা শুরু হয়েছিল, তার প্রভাব সারা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়েছে। তবে মানুষের ভেতরের অন্ধকার দূর করে, মনোজগৎকে আলোকিত করার কাজটি পুরোপুরি সমাধা হয়নি বলে মনে করেন তাঁরা।