ছায়ানটের মহড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের ​প্রস্তুতি l ছ​বি: প্রথম আলো
রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের ​প্রস্তুতি l ছ​বি: প্রথম আলো

রমনা বটমূলের কাছে যেতেই শুনি একজন বলছেন, ‘কিউ দেন’।
কেউ নিশ্চয়ই ‘কিউ’ দিলেন, তাই শতকণ্ঠে ছড়িয়ে পড়ল ‘আমরা তো উজ্জ্বল সূর্য’ গানটি। সম্মেলক এই গানের মহড়ায় ঋজু কণ্ঠগুলো উপস্থিত সবাইকে মোহিত করে। কিন্তু আওয়াজ বা শব্দ নিয়ে যাঁদের কারবার, তাঁরা বোঝেন কারও কারও মাইকের আওয়াজ ঠিকভাবে আসছে না। তাই শুরু হয়ে যায় মাইক পরীক্ষা। ‘হারমোনিয়ামটা আরেকটু বেশি’, ‘সামনের দুইটায় আরও লাগবে’—ইত্যকার কথায় সবকিছু নিখুঁত হতে থাকে।
তখন বিকেল সাড়ে চারটা। চৈত্রের শেষ দিনে প্রচণ্ড গরমের মধ্যে একনিষ্ঠ শিল্পীরা বসে আছেন বটমূলে। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ-মহড়া চলছে এখানে। এই পাকুড়গাছটাই দীর্ঘকাল ধরে ‘বটমূল’ নামে পরিচিত। এ ব্যাপারে সন্জীদা খাতুন লিখেছেন, ‘পাকুড়গাছকে বটমূলের অনুষ্ঠান বলতে ভালোবাসতাম’। বছরের পর বছর তা বটমূল নামেই পরিচিতি পেয়েছে। মঞ্চের সামনে বাঁশের প্রতিবন্ধকের এপারে বসেছেন অভিভাবকেরা। একটু পর কোনো এক বাণিজ্যিক প্রতিষ্ঠান তাঁদের সবার হাতে ধরিয়ে দেয় হাতপাখা আর ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন বইতে থাকে ঝিরিঝিরি বাতাস।
অভিভাবকদের একজন সীমা বণিক। মেয়ে প্রজ্ঞা পারমিতা দত্ত আছেন মঞ্চে। জিজ্ঞেস করি, ‘নিরাপদ বোধ করছেন তো?’ সীমা বণিক বলেন, ‘ভয় পেয়ে থাকলে তো চলবে না। যে বছর এখানে বোমা হামলা হয়েছিল, সে বছর আমার মেয়ে ক্লাস ওয়ানে পড়ত। তখনই ঠিক করেছিলাম ও যেন গান গায়। ও যেন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয়।’ প্রজ্ঞা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।
মঞ্চে ক্লান্ত চেহারার যে ছেলেটি অনেকের মধ্যে বসে আছে, তার নাম ইশতিয়াকউদ্দিন। গত মঙ্গলবার রাত থেকে ওর ১০৩ ডিগ্রি জ্বর। খুব মন খারাপ ছিল ওর। মা শামসুন্নাহার শিলার কাছে বুধবার সকালে ওর আবদার, ‘মা, আমাকে নিয়ে চলো।’ বছরে একবারই হয় বর্ষবরণ, দুবার হওয়ার কোনো কারণ নেই। তাই সে এখন মঞ্চে।
এরই মধ্যে সম্মেলক গান ‘বাংলা মা’র দুর্নিবার’ গানটির পর আবার মাইক পরীক্ষা শুরু হয়ে গেছে। ‘অর্পিতা, হ্যালো বলো’, অর্পিতা নিশ্চয়ই ‘হ্যালো’ বলেছেন, কিন্তু মাইক্রোফোন কাজ করছে বলে মনে হলো না। অর্পিতাকে আরও কয়েকবার ‘হ্যালো’ বলতে হলো, ঠিক হলো মাইক্রোফোন। এভাবে মাইক্রোফোন পরীক্ষা চলতেই থাকল।
কাল এরা একই রঙের শাড়ি পরবে, পরবে একই রঙের পাঞ্জাবি। আজ যে যার মতো কাপড় পরে এসেছে। তবে হলুদের আধিক্য দেখা গেল। এরই মধ্যে দেখলাম, মঞ্চে সামনের সারির তৃতীয় মেয়েটি একেবারে স্কুলের পোশাকে হাজির। ওর নাম উম্মে হাবিবা জান্নাত।
‘তুমি যে একেবারে স্কুলের পোশাকে?’
একগাল হাসি ছড়িয়ে পড়ল ওর মুখে। পাশের চশমা চোখে মেয়ে দুটির হাসিও যেন কলধ্বনি। জান্নাত বলল, ‘দুটো পর্যন্ত স্কুল ছিল। ওখান থেকে সোজা চলে এসেছি, তাই পোশাক বদলাতে পারিনি।’
খুবই গম্ভীর স্বরে ওর পাশে বসা ছায়ানটের প্রারম্ভিক শিক্ষার্থী মেহনুর হাবিবা জানাল, ‘আমরা এক মাস ধরে মহড়া করছি।’
বোঝা গেল, উম্মে সুনাইমও কিছু বলতে চায়। ‘পার্থ তানভীর নভেদ্ আমাদের ধরে ধরে কিছু গান শিখিয়েছেন। এ ছাড়া খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, বিমান চন্দ্র মণ্ডল, সেমন্তী মঞ্জরী, নাহিয়ান দুরদান, আবুল কালাম আজাদ, সুমন মজুমদারও অনুশীলন করিয়েছেন।’
সবার পুরো নাম জানা ছিল না এদের। সে ব্যাপারে সাহায্য করলেন সদ্য পাস করে যাওয়া ইরাবতী মণ্ডল ও শিল্পী রায়।
বরাবরের মতো এবারও ছায়ানটের অনুষ্ঠানে থাকবে একক ও সম্মেলক গান। এবারের মূল বিষয় মানবতা, সে কথা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। রমনা বটমূলে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলকে পাওয়া গেল। তাঁর কাছে প্রশ্ন রাখি, ‘প্রতিবছরই তো বর্ষকে বরণ করে নিচ্ছেন। এতে কি নতুন করে উদ্দীপনা পাওয়া যায়?’
তিনি বললেন, ‘প্রতিবছরই নতুন করে সংঘবদ্ধ হই। বাঙালি পরিচয়ে একত্র হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিই, কেন এই আয়োজন এত জরুরি। এ অনুষ্ঠান হাজার বছর ধরে চলতে থাকবে। এটা বাঙালির গর্ব।
সেই যে কবে, রবীন্দ্রশতবার্ষিকী পালনের পর কয়েকজন আলোকিত মানুষ গড়ে তুলেছিলেন ছায়ানট, তা আজও আমাদের সংস্কৃতিকে ঋদ্ধ করে চলেছে। চলবে অনেক দিন, অনেক অনেক দিন। সুস্বাগত ১৪২৩। অভিনন্দন ছায়ানট।