ছায়ানটের স্মরণিকা 'আলোকের ঝর্ণাতলায়'
রমনা বটমূলে বাংলা নববর্ষ উদ্যাপনের অর্ধশত বর্ষপূর্তি পালন করছে ছায়ানট। এ উপলক্ষে গতকাল সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে প্রকাশ করা হয় স্মরণিকা আলোকের ঝর্ণাতলায়। মোড়ক উন্মোচন করেন ম. ফরাসউদ্দিন। আলোচনা করেন ডা. সারওয়ার আলী ও স্মরণিকার সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।
সন্জীদা খাতুন বলেন, ‘এই ৫০ বছরে যাঁরা আমাদের সঙ্গে থেকেছেন তাঁরা সকলে আমাদের অভিযাত্রী। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকেরা আমার কাছে প্রশ্ন করেন। জানতে চান বক্তব্য। আমি কিছুই বলি না। আমরা চাই গঠনমূলক কাজ করতে।’
ডা. সারওয়ার আলী বলেন, ‘বাঙালি জীবনবোধ ও মানবিক সমাজ—এই দুটি বিষয়কে এক সূত্রে গেঁথে এগিয়ে যেতে ছায়ানট চেষ্টা করে আসছে।’
এরপর ২০০১ সালে রমনার বটমূলে বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয় প্রদীপ প্রজ্বলন ও সম্মেলক গান গাওয়ার মাধ্যমে।
স্মরণিকাটি সাজানো হয়েছে ছায়ানটের ৫০ বছরের পথচলা দিয়ে। বিশেষ করে বছরের ক্রমিক দিয়ে নানা অধ্যায়ে রাখা হয়েছে বাঙালি জাতির ওপর প্রভাব ফেলা অন্যতম ঘটনাগুলোকে। আছে কয়েকটি প্রবন্ধ। দেখা যাবে ছায়ানটের গোড়ার দিনগুলো থেকে বর্তমান পর্যন্ত বর্ষবরণের বিভিন্ন আলোকচিত্র।
এ ছাড়া ছায়ানট ভবনের তৃতীয় তলায় ছিল পঞ্চাশ বছরের পথচলায় তোলা বর্ষবরণের কিছু আলোকচিত্রের প্রদর্শনী। ছায়ানট ভবনের ফটকের সামনেই ছিল প্রদীপ জ্বালানো। সেখানে লেখা ছিল প্রয়াত সহযাত্রীদের নাম। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁদের স্মরণ করা হলো এমন করে।
সুরের ধারা ও চ্যানেল আইয়ের বর্ষবিদায়
নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে সুরের ধারা ও চ্যানেল আই। একটানা রাত ১২টা পর্যন্ত বর্ষবিদায় অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীরা এবার পরিবেশন করেন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান, সঙ্গে ছিল নৃত্য ও আবৃত্তি। ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যের ওপর সাজানো হয় বর্ষবিদায়ের অনুষ্ঠানমালা।
বৃহস্পতিবার সোয়া ছয়টার কিছুক্ষণ আগে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সুরের ধারা ও চ্যানেল আইয়ের চৈত্রসংক্রান্তির আয়োজন। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ছবি দিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর সুরের ধারার ৪০ জন শিক্ষক-শিল্পীকে নিয়ে চারটি গানের একটি ‘মেডলি’ পরিবেশন করেন সুরের ধারার চেয়ারম্যান ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর চৈত্রসংক্রান্তি কথনে অংশ নিয়ে আয়োজনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে চৈত্রসংক্রান্তি কথনে অংশ নেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সুরের ধারার শিশু বিভাগের প্রথম বর্ষ ও প্রারম্ভিকের শিশুদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় পরপর তিনটি গান। বাংলাদেশে রবীন্দ্রনাথ থিমের ওপর ভিত্তি করে আলাদা আলাদা সাজানো ‘জীবনদেবতা’, ‘রাগে রঙে রবীন্দ্রনাথ’, ‘রবি বাউল’, ‘কাল মৃগয়া’, ‘রবীন্দ্রনাথের প্রেমের গান’, ‘ছিন্নপত্র’ পর্বে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পী।
একটানা রাত ১২টা পর্যন্ত বর্ষবিদায় অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান।
সুরের ধারা তাদের প্রথা অনুযায়ী রাত ১২টা ১ মিনিটে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে’ পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবিদায় অনুষ্ঠানের সমাপ্তি টানে।