ছায়ানটের ৫০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণিল শোভাযাত্রা, নান্দনিক নৃত্য আর গান পরিবেশনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে ছায়ানট সংগীত বিদ্যায়তনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠান।
শোভাযাত্রায় অংশ নেন ছায়ানটের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট অনেকে। ছিলেন সংগীত বিদ্যায়তনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং ছায়ানট সংগঠক ও শুভার্থীরা। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের সহযাত্রী ছায়ানট সংগীত বিদ্যায়তনের যাত্রাপথের কথা আর সুরের আয়োজন। সমবেত কণ্ঠে সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ পর্ব। এরপর মঞ্চে এসে ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন গেয়ে ওঠেন ‘ফুল বলে ধন্য আমি’ গানটি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইফফাত আরা দেওয়ান, মিলিয়া আলী, পাপিয়া সরওয়ার, সাদিয়া আফরিন মল্লিক, শাহিন সামাদ, চন্দনা মজুমদার, খায়রুল আনাম, রেজোয়ান আলী, লাইসা আহমেদ প্রমুখ। সেতার বাজিয়ে শোনান এবাদুল হক সৈকত, গৌতম সরকার বাজিয়ে শোনান তবলা। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন বেলায়েত হোসেন। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হবে আজ শনিবার সন্ধ্যা সাতটা থেকে।
আনিসুজ্জামানকে সম্মাননা প্রদান অনুষ্ঠান: শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হওয়ায় গতকাল বিকেলে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতাল তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে। ইউনিভার্সেল মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য দেন হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এ আর খান, সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আইনজীবী এম আমীর-উল ইসলাম।