ছায়ানীড় থেকে মালামাল সরিয়ে নিলেন ভাড়াটেরা
অভিযানের পর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার ‘ছায়ানীড়’ বাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটের ভাড়াটে এবং বাড়িটির মালিককে কিছু সময়ের জন্য প্রবেশ করার সুযোগ দেয় পুলিশ। এ সময় আসবাবসহ প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেন তাঁরা।
গতকাল বিকেল চারটায় ছায়ানীড়ের সামনে গিয়ে দেখা যায়, সেখানে পুলিশের পাহারা রয়েছে। ভাড়াটেরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা রিকশা ও ভ্যানে করে মালামাল নিয়ে যাচ্ছেন। সেখানে কথা হয় ভাড়াটে অশোক ভৌমিকের সঙ্গে। তিনি বললেন, ‘এই বাড়িতে থাকার আর কোনো পরিবেশ নেই। ঘরের আসবাব নিয়ে যাচ্ছি কুমিরায় বোনের বাড়িতে। আপাতত সেখানে পরিবারের সবাইকে নিয়ে থাকছি।’
১৫ মার্চ বিকেল থেকে ছায়ানীড় ঘিরে রাখে পুলিশ। পরদিন অভিযান চালানোর সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে মারা যায় চার জঙ্গি এবং এক শিশু। বাড়ি থেকে নিরাপদে বের করে আনা হয় বিভিন্ন ফ্ল্যাটে থাকা ২০ জনকে।
বাড়িটির সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় মালামাল আনতে বাড়ির মালিক ও ভাড়াটেদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। দোতলার বাড়ির নিচতলার যে ফ্ল্যাটে জঙ্গিরা ছিল সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। বাড়িটি এখনো পুলিশের হেফাজতে রয়েছে।