ছায়ানীড় থেকে ১৫টি বোমা উদ্ধার
সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার ছায়ানীড় বাড়িতে জঙ্গিদের ভাড়া করা ফ্ল্যাটের একটি কক্ষ থেকে গতকাল শনিবার ১৫টি বোমা উদ্ধার করেছে পুলিশ। কক্ষটিতে পাঁচ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড (মোট ২০০ লিটার) এবং একটি ড্রামে ৪০ লিটার অ্যাসিডও পাওয়া গেছে। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসব উদ্ধার করে।
পুলিশ জানায়, ফ্ল্যাটটির বাকি তিনটি কক্ষেও বোমা রয়েছে। আজ রোববার আবারও তল্লাশি চালানো হবে বলে জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা। তিনি বলেন, একটি কক্ষ তল্লাশি করতে বোমা নিষ্ক্রিয়করণ দলের অনেক সময় লেগেছে। বাকি তিনটি কক্ষ তল্লাশি করতে আর দু-এক দিন সময় লাগবে।
গত বুধবার বিকেল থেকে ছায়ানীড় বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। পর দিন বৃহস্পতিবার সকাল ছয়টায় বাড়ির ভেতরে পুলিশের সোয়াট (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) বাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয়। এর নাম দেওয়া হয় ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’। অভিযানে চার জঙ্গি ও এক শিশু নিহত হয়।
এই বাড়িটির এক কিলোমিটার দূরে সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামে আরেকটি বাড়িতে বুধবার বিকেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অস্ত্র, বোমা ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয় জঙ্গি দম্পতি জসিম-আরজিনাকে। এই দুজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ছায়ানীড়ে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম গতকাল দুপুরে নগরের খুলশী এলাকায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, ১৫টি বোমার মধে৵ ১০ থেকে ১২টি বোমার গড় ওজন তিন থেকে চার কেজি। এ ছাড়া ওই ফ্ল্যাট থেকে একটি নথি উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের বোমা তৈরির পদ্ধতি, কোথা থেকে বিস্ফোরক কেনা হয়েছে এবং পুলিশ বাধা দিলে কী করতে হবে—সবকিছু নথিতে উল্লেখ রয়েছে।
গ্রেপ্তার জঙ্গি জসীম ও তাঁর স্ত্রী আরজিনাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা প্রথম আলোকে বলেন, কেন এ পথ বেঁচে নিয়েছেন তাঁরা, তা জানার চেষ্টা চলছে। তাঁরা দরিদ্র পরিবার থেকে এসেছেন। এসব বোমা তৈরিতে তাঁদের কে বা কারা অর্থের জোগান দিত, তা বের করার চেষ্টা চলছে। কিছু তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।
এদিকে নিহত চারজন জঙ্গি এবং এক শিশুর লাশ নিতে গতকাল বিকেল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কেউ আসেননি।