ছায়েদুল হককে অব্যাহতির সুপারিশের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ ছায়েদুল হককে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতকাল সোমবার দুটি স্থানে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

গত ২৫ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ছায়েদুল হককে উপদেষ্টা পদ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন, ছায়েদুল হক জেলা আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত মানেন না। এ ছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন।

ভলাকুট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল সকাল ১০টার দিকে ভলাকুট উচ্চবিদ্যালয়ের মাঠে মানববন্ধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নরেশ মল্লিক। ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকীবিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক দাস, যুবলীগ নেতা তোয়ায়েল আহমেদ, ছাত্রলীগ নেতা সজিব ওয়াহিদ প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত নেতা-কর্মীরা এলাকায় মিছিল করেন।

একই দিন দুপুরে উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজের মাঠে চাতলপাড় ইউনিয়ন আওয়ামী লীগ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এতে চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ওমর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশকর আলী, যুবলীগের সাধারণ সম্পাদক বিনয় রায় প্রমুখ। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে ছায়েদুল হককে অন্যায়ভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। সুপারিশ প্রত্যাহারকরা না হলে পুরো নাসিরনগর উপজেলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ার করেন বক্তারা। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।