ছি ছি, ওসি

বগুড়ার শাজাহানপুর থানায় আক্রমণ করে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নেতা ও উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলী। তাঁর কাছ থেকেই ৩৫ লাখ টাকা দামের পাঁচ শতক জমি নিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম। তবে দলিল নিবন্ধন হয়েছে ওসির দুই ভাইয়ের নামে।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় ঘোষণার পর গত ৩ মার্চ শাজাহানপুর থানায় আক্রমণ করে জামায়াত-শিবির। তারা থানায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ প্রতিরোধ করলে থানার ফটকে সংঘর্ষ হয়। এতে চারজন হামলাকারী নিহত হন। হামলার পরিকল্পনা ও নেতৃত্বদানের অভিযোগ ওঠে জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলীর বিরুদ্ধে। পুলিশের করা মামলায় তাঁকে ১ নম্বর আসামি করা হয়।
তবে মামলা হওয়ার পর ১০ মাস পার হয়েছে, এই ১ নম্বর আসামি গ্রেপ্তারও হননি। পুলিশ এখন পর্যন্ত মামলার অভিযোগপত্রও দেয়নি।
এর মধ্যে গত ৬ জুন বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে এই জমির দলিল নিবন্ধন করা হয়েছে। দলিলে দেখা গেছে, দাতার নাম ইয়াছিন আলী। গ্রহীতা দুজন মাহবুবুর রহমান তালুকদার ও শাহিন রেজা। দুজনের নামে আড়াই শতক করে জমি ভাগ করা।
দলিলে ইয়াছিন আলীকে জমির মালিক হিসেবে শনাক্ত করেছেন তাঁর ছেলে রবিউল হাসান ওরফে রুবল। জমিটি দেখানো হয়েছে পতিত হিসেবে। বিক্রয়মূল্য দেখানো হয়েছে মাত্র এক লাখ ৫০ হাজার টাকা।
সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-দিনাজপুর সড়কের পাশের এই পাঁচ শতক জমির বর্তমান বাজারমূল্য অন্তত ৩৫ লাখ টাকা। ওই এলাকায় ধানি জমি দেখালে প্রতি শতক এক লাখ তিন হাজার এবং আবাসিক শ্রেণীর জমি দেখালে প্রতি শতক দুই লাখ ১১ হাজার টাকা করে দলিলেই দেখাতে হতো।
দলিলে গ্রহীতা শাহিন রেজা ও মাহবুবুর রহমানের ঠিকানা দেওয়া হয়েছে সিরাজগঞ্জ সদর থানার কয়েলগাঁতী গ্রাম। দুজনের বাবার নাম আবদুল হাই তালুকদার ও মায়ের নাম মালেকা বেগম।
মাহবুবুর রহমান বর্তমানে দেশের বাইরে। শাহিন রেজা সিরাজগঞ্জের দেরাজউদ্দিন করিমুন্নেছা হাইস্কুলের প্রধান শিক্ষক। এটি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু প্রতিষ্ঠা করেন।
সিরাজগঞ্জ থেকে বগুড়ার শাজাহানপুরে গিয়ে জমি কেনা সম্পর্কে জানতে চাইলে মুঠোফোনে শাহিন রেজা প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার ভাই মিলে আট লাখ টাকা দিয়ে জমিটি কিনেছি।’
দলিলে তো বলেছেন দেড় লাখ টাকায় কেনা
—হ্যাঁ।
কার কাছ থেকে কিনেছেন?
—উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলী।
সিরাজগঞ্জ থেকে বগুড়ার ওই জমির খোঁজ পেলেন কীভাবে?
—জেনেছি।
আপনি, নাকি আপনার বড় ভাই ওই জমির মালিক?
—না, আমরা দুই ভাই ওই জমির মালিক।
সরকারি কর্মকর্তারা যেখানে কর্মরত থাকেন, সেখানে জমি কিনতে পারেন না। এটা সরকারি কর্মচারী আচরণবিধিরও পরিপন্থী। এ কারণেই জমিটি ‘ঘুষ’ হিসেবে নিয়ে ওসি মাহমুদুল আলম তাঁর দুই ভাইয়ের নামে দলিল করে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মনে করেন।
জমি বিক্রি সম্পর্কে জানতে চাইলে ইয়াছিন আলী প্রথমে কোনো মন্তব্য করতে রাজি হননি। কার কাছে বিক্রি করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কাগজপত্র দেখে বলতে হবে।’
গতকাল রোববার সেখানে গিয়ে দেখা যায়, শাজাহানপুর উপজেলা পরিষদ ও থানা থেকে এই জমির দূরত্ব কয়েক শ গজ। চারপাশ দেয়াল দিয়ে ঘেরা, সামনে বড় ফটক লাগানো। উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে জমি নেওয়া সম্পর্কে জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম কোনো কথা বলতে রাজি হননি।
গতকাল ওসির বক্তব্য নিতে থানায় গেলে দেখা যায়, তিনি মুঠোফোনে একজনকে বলেন, ‘তোমরা গাড়ি পুড়াইতে গেলা কেন?’ কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলেন, ‘আমি এই অভিযান চালাইনি। বগুড়া থেকে পুলিশ এসে অভিযান চালাইছে।’
জানা গেল, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেনা পাহারায় কয়েক শ ট্রাক ও বাস শাজাহানপুর পার হওয়ার সময় হামলার ঘটনা ঘটে। এরপর গতকাল সকালে র্যাব-পুলিশ শহর থেকে গিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করে। গত নয় মাসে এটিই ওই এলাকায় প্রথম অভিযান।
জেলা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শাজাহানপুর থানার ওই ওসির সঙ্গে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে জমি নেওয়াসহ আরও অনেক অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমি তাঁর (ওসি) বিরুদ্ধে ভাসা ভাসা অভিযোগ শুনেছি। কিন্তু সুনির্দিষ্ট করে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি এ-ও বলেন, ‘তবে এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কাউকে বদলি করা যায় না, কাজেই আমাদের কিছু করার নেই। তবে অভিযোগ পেলে নির্বাচন কমিশনে চিঠি দেব।’
শাজাহানপুর আওয়ামী লীগের একাধিক নেতা ও এলাকাবাসী জানান, মার্চের পর থেকে নিয়মিতই শাজাহানপুরে জামায়াত-শিবিরের কর্মীরা গাড়িতে আগুন দিচ্ছেন ও ভাঙচুর করছেন। সাম্প্রতিক অবরোধে অর্ধশত গাড়ি পোড়ানো এবং ৫০০ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এমনকি ঢাকা-দিনাজপুর সড়কের শাজাহানপুরের ফটকি সেতুতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ওই থানার পুলিশ জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেনি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান প্রথম আলোকে বলেন, ‘শাজাহানপুরে যারা তাণ্ডব চালাচ্ছে, আমরা অনেকবার তাদের নাম ওসির কাছে দিয়েছি। কিন্তু ওসি তাদের গ্রেপ্তার করছেন না। আমরা নিশ্চিত, তাদের সঙ্গে ওসির আঁতাত রয়েছে। আর জমি নেওয়ার ঘটনা ঘটলে বলতে হয়, এটি একটি ঘৃণিত কাজ। তাঁর জন্য আমার ছি ছি ছাড়া কিছুই বলার নেই।’
টিআইবির বগুড়া জেলার সভাপতি বজলুল করিম বাহার বলেন, ‘গুরুত্বপূর্ণ পদে থেকে যদি মামলার আসামির সঙ্গে এমন লেনদেন করে থাকেন কিংবা তাঁর পরিবারের সদস্যরা করে থাকেন, সেটি গুরুতর দুর্নীতি। দ্রুত তদন্ত করা উচিত।’