ছি ছি ওসিকে জমি 'ঘুষ' দিয়েও পার পাচ্ছেন না জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত সেই জামায়াত নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলীর বিরুদ্ধে অবশেষে সহিংসতার মামলায় আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ।
গতকাল বুধবার জামায়াত নেতা ইয়াছিন আলী, তাঁর ছেলে রবিউল হাসান এবং শাজাহানপুর উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাসহ ২২০ জনের বিরুদ্ধে গত বছরের ৩ মার্চের সহিংসতায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার মামলায় অভিযোগপত্র দাখিলের নথিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার। মামলাটি তদন্ত শেষ করতে সময় লেগেছে দীর্ঘ ১০ মাস।
জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, অভিযোগপত্র দাখিলের অনুমোদন চূড়ান্ত। আগামী দুই কর্মদিবসের মধ্যে এই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে আদালতে দাখিল করা হবে। অভিযোগপত্রে উপজেলা চেয়ারম্যানসহ ২২০ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। পুলিশ সুপার জানান, উপজেলা চেয়ারম্যান ও তাঁর ছেলের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলার মামলায়ও অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এর আগে সহিংসতার সব মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার বোঝাপড়ার ভিত্তিতে প্রধান আসামি জামায়াত নেতা ইয়াছিন আলীর কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ৫ শতক জমি তাঁর দুই ভাইয়ের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলমের বিরুদ্ধে।
এ নিয়ে ২৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘ছি ছি ওসি’ শিরোনামে প্রধান প্রতিবেদন ছাপা হলে তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। তাঁকে বগুড়া থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠান বগুড়ার পুলিশ সুপার। পুলিশের তদন্তে মামলার আসামির কাছ থেকে জমি লিখে নেওয়ার সত্যতা প্রমাণ পেয়ে তদন্ত কমিটি পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠায়। একই সঙ্গে ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশও করে তদন্ত কমিটি। এরপর ৩০ ডিসেম্বর ওসি মাহমুদুল আলমকে শাজাহানপুর থানা থেকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজার রায় ঘোষণার পর ‘চাঁদে সাঈদীকে দেখা গেছে’—এমন গুজব ছড়িয়ে ৩ মার্চ বগুড়ার শাজাহানপুর থানা, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এই সময় পুলিশের সঙ্গে সহিংসতায় গুলিতে চারজন জামায়াতের কর্মী নিহত হন। এসব ঘটনায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে ইয়াছিন আলীকে প্রধান আসামি করা হয়।