ছিঁচকে সন্ত্রাসীরা আ.লীগের ভাবমূর্তি নষ্ট করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কিছু ছিঁচকে সন্ত্রাসী নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করছে। এসব ছিঁচকে সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আওয়ামী লীগের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার প্রতীকী গণঅনশন কর্মসূচি পালনকালে সংহতি জানিয়ে মেয়র এ কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালিত হয়।সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রীর কাছে ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘আড়াই মাসেও পুলিশ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। নারায়ণগঞ্জের পুলিশ খুনিদের খুঁজেই পাচ্ছে না। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। প্রশাসন সঠিক ভূমিকা পালন না করলে এবং আগামী ছয় মাসের মধ্যে ত্বকীর খুনিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। জনতার আদালতে খুনিদের বিচার হবে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।’অনশনে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ বলেন, ‘ত্বকীকে কারা হত্যা করেছে, পুলিশ ঠিকই জানে। কিন্তু পুলিশ তাদের ধরছে না। পুলিশকে টাকা দিয়ে হাত করা হয়েছে।’ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘গডফাদারদের আর নারায়ণগঞ্জে থাকতে দেওয়া হবে না। তারা যদি মনে করে আগামী দিনে দেশ ছেড়ে পালাবে, তাহলে ভুল করছে। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। কোনো ক্যাডার বাহিনী তাদের বাঁচাতে পারবে না।’মেয়র সেলিনা হায়াৎ আইভী পরে রফিউর রাব্বিকে পানি পান করিয়ে অনশন ভাঙান।