ছিঁড়ে পড়া তারে লেগুনার ৮ যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে গতকাল বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত লেগুনার ওপর পড়ে। এতে লেগুনার যাত্রীসহ কমপক্ষে আটজন আহত হন l ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে গতকাল বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত লেগুনার ওপর পড়ে। এতে লেগুনার যাত্রীসহ কমপক্ষে আটজন আহত হন l ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

জট পাকানো গুচ্ছ থেকে ছিঁড়ে পড়া তারে বিদ্যুতায়িত হয়ে একটি চলন্ত যাত্রীবাহী লেগুনার যাত্রীসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) বিদ্যুতায়িত হওয়া তার ছিঁড়ে পড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, যাত্রীভর্তি লেগুনাটি ফার্মগেট যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা লেগুনার সাত যাত্রী, একজন ফুচকা বিক্রেতাসহ আটজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেছেন। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত দায়ী কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।
বিকেলে আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন রানার অটোমোবাইলের প্রকৌশলী ওয়াহিদ হোসেন (৩৫) ও মো. শান্ত (১৭)। এর মধ্যে ওয়াহিদের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
আহত ওয়াহিদ জানান, গতকাল কাজে মোহাম্মদপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন।
ঘটনার সময় স্থানীয় তরুণ রিয়াজুল ইসলামের তোলা ভিডিওচিত্রে দেখা যায়, লেগুনাটির সামনে একটি সাদা তার পড়ে রয়েছে। গাড়িটির পাশে একজন লোক পড়ে রয়েছেন। আর পেছনের (যেদিক দিয়ে যাত্রীরা ওঠানামা করেন) দরজার পাশেই ভেজা রাস্তার ওপরে স্তূপ হয়ে পড়ে আছেন পাঁচ-ছয়জন। কেউ তাঁদের ধরতে যাচ্ছেন না। এ সময় এক তরুণ তাঁদের ধরতে এগিয়ে যান। পরে অন্যরা তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন। রাস্তার ওপর বেহুঁশ হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে কৃষি মার্কেটের উঠোনে নিয়ে গিয়ে হাতে-পায়ে মালিশ করতে দেখা যায় কয়েকজনকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে লেগুনাটি ওদিক দিয়ে যাওয়ার সময় সাদা রঙের একটি তার গাড়িটির ওপর পড়লে সেটি দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যাত্রীরা ছিটকে গাড়ি থেকে নেমে রাস্তার ওপর অজ্ঞান হয়ে পড়েন। গাড়িটির পাশ দিয়ে তখন মাথার ওপর গামলায় করে বিক্রির জন্য ফুচকা নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি এক আহতকে ধরতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হন। পরে অন্যরা ভয় পেয়ে যান। কিছুক্ষণ পরে বিদ্যুৎ সরবরাহ নেই নিশ্চিত হয়ে সবাই তাঁদের ধরাধরি করে রিকশায় করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।
কবীর হোসেন, ইব্রাহিম, জাহিদুলসহ স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কৃষি মার্কেটের ঠিক সামনের মোড়েই আইএসপিগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট তারের জট। বৃষ্টি বা অন্য কোনোভাবে প্রায়ই সেগুলো বিদ্যুতায়িত হয়। মাঝেমধ্যেই বিদ্যুতের স্ফুলিঙ্গ (স্পার্ক করে) তৈরি হয়। কখনো স্ফুলিঙ্গের পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা অভিযোগ করলে কিছুক্ষণের মধ্যেই প্রতিষ্ঠানগুলোর লোক এসে লাইন ঠিক করে দিয়ে যান।
এ ঘটনায় কে দায়ী হবেন, জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দীন মীর বলেন, ‘কারও না কারও অসাবধানতা বা অবহেলায় এই দুর্ঘটনা হয়েছে। এর জন্য দায় কার তা আমরা খুঁজে দেখছি।’