
‘ভাই, দাম কত?’ ‘আপা, সাড়ে তিন শ।’ ‘কী বলেন, এত্ত বেশি কেন?’ ‘না আপা, দাম তো ঠিক আছে। কাপড়ও ভালো। বাইরে কোথাও এমন কাপড় পাবেন না, রঙের গ্যারান্টি আছে।’
দরদাম করার এ ঘটনা রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের ছিটকাপড়ের বাজারের। কাপড় বিক্রেতার সঙ্গে এভাবেই একটি থ্রি-পিসের দরদাম করছিলেন রেহানা সুলতানা। অবশেষে তিনি আড়াই শ টাকা থ্রি-পিসটি কিনলেন।
বাজারটি উত্তরার ৭ নম্বর সেক্টরের (সোনারগাঁও জনপদ) ২৭ ও ৩৬ নম্বর সড়কের সংযোগস্থলে। এখানে আছে ৩০টির বেশি ছিটকাপড়ের দোকান। প্লট মালিকের পরিচালনায় খুচরা কাপড় ব্যবসায়ীরা সংগঠিত হয়ে এ বাজার গড়ে তুলেছেন। বাজারের বিক্রেতারা পুরুষ হলেও ক্রেতাদের অধিকাংশই নারী। নারীবান্ধব হওয়ায় গোটা উত্তরায় বাজারটি বিশেষ পরিচিতি পেয়েছে। উত্তরার সব সেক্টরসহ আশপাশের এলাকা থেকেও নারীরা এখানে কেনাকাটা করতে আসেন। বাজারটির বয়স প্রায় দেড় বছর।
কাপড় ব্যবসায়ী মো. সোহরাব বলেন, ‘ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে থান কাপড় সংগ্রহ করে এখানে আনি, গজ হিসেবে বিক্রি করি। থ্রি-পিস, ওড়নাসহ অন্যান্য কাপড়ও বিক্রি করি।’
উত্তরার এ বাজারে মিলবে নারীদের থ্রি-পিস, থান কাপড়, গজ কাপড়, ওড়না, বিছানার চাদর, জুতা, ব্যাগ, কাপড়ে বসানোর চুমকি, পুঁতি, লেইস, বোতামসহ নানা কিছু। আরও পাবেন বিছানার চাদর, মশারি, কুশন কভার, বালিশের কভারসহ শিশুদের হরেক রকম জামা ও কাপড়। ব্যবসায়ীরা জানান, বিভিন্ন বয়সী নারী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাই বাজারের প্রধান ক্রেতা।
নিয়মিত ক্রেতাদের একজন আফরোজা সিলভি বলেন, ‘বাজারটিতে নারীরাই প্রধান ক্রেতা। তাই আমরা অনেক স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারি। প্রায়ই আসি। পছন্দ হলে কিনি। ভালোমতো দরদাম করতে পারলে তুলনামূলক কম দামেই কাপড় পাওয়া যায়।’
বাজার খোলা থাকে সপ্তাহজুড়ে। প্রতিদিন সকাল নয়টায় বাজার বসে, বন্ধ হয় রাত নয়টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজার পরিচালনাকারী প্রথম আলোকে বলেন, ‘উত্তরায় কিছু স্থায়ী ও ভ্রাম্যমাণ ছিটকাপড়ের দোকান থাকলেও এটিই একমাত্র স্থায়ী বাজার। বাজারটি মূলত নারীদের জন্য। সাধারণত পুরুষ ক্রেতারা এখানে আসেন না। বাজারে মিলবে সস্তা দামে ভালো মানের কাপড়। নিরাপত্তা নিয়েও আমরা সতর্ক থাকি। অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন কাউকেই বাজারে ঢুকতে দেওয়া হয় না।’