ছিটমহল ও তিস্তা ইস্যু সামনে আনলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের কোচবিহারে লোকসভা নির্বাচনের প্রচারণায় ছিটমহল বিনিময় এবং তিস্তার পানিবণ্টন ইস্যুকে সামনে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারে গতকাল শনিবার এক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের অভ্যন্তরে ছিটমহলগুলোর বাসিন্দাদের আকাঙ্ক্ষার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাঁর সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।
তৃণমূল নেত্রী বলেন, ‘আমি ছিটমহলবাসীকে ভালোবাসি। তবে আমি ন্যায়বিচার চাই। আমি তাঁদের কথা চিন্তা না করে একতরফা কিছু করতে পারি না।’
ছিটমহল ছাড়াও তিস্তার পানিবণ্টনের ক্ষেত্রে নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে জনসভায় মমতা বলেন, ‘আমি কেন তিস্তা (পানিবণ্টন) নিয়ে জোর দিয়ে বলেছিলাম? এখন আপনারাই দেখছেন, তিস্তা শুকিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হচ্ছে যে, আগামী দিনগুলোতে খাওয়ার পানি মিলবে না।’ তিনি বলেন, ‘রাজ্যে একটা সরকার (ক্ষমতায়) রয়েছে। (আর তাই) এ ব্যাপারে তাকে জানানো ও তার সঙ্গে পরামর্শ করা উচিত।’
বাংলাদেশি শরণার্থীদের স্বাগত জানিয়ে থাকে ইউপিএ সরকার: এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি বলেছেন, ক্ষমতায় গেলে ভারতের নদীগুলোর আন্তসংযোগ প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদীর গতিপথ পাল্টে দেশটির শুষ্ক অঞ্চলে পানি সরবরাহ করা হবে। নরেন্দ্র মোদি গতকাল রাজস্থানের বারমের শহরে এক জনসভায় এসব কথা বলেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, ইউপিএ সরকার বাংলাদেশি শরণার্থীদের প্রতি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে। বাংলাদেশ থেকে যে-ই অনুপ্রবেশ করুক, তাকে ভারতে স্বাগত জানানো হয়। কিন্তু পাকিস্তান থেকে কোনো উদ্বাস্তু এলে, তাকে গ্রহণ করা হয় না। তাঁর সরকার ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করবে। পিটিআই।