ছিটমহল ও সার গুদামে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের ৩৬টি ছিটমহলের মানুষ গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। এসব ছিটমহলবাসী বরাবরই বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন।
গতকাল সকালে বোদা উপজেলার পুটিমারী ছিটমহলে কলাগাছ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন মানুষ। পরে এ ছিটমহলের চেয়ারম্যান তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হবিবুর রহমান, আবু জেকের প্রমুখ।
এদিকে গতকাল গুদাম চত্বরেই কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) শিবগঞ্জ বাফার সার গুদামের চুক্তিভিত্তিক শ্রমিকেরা। পেটের তাগিদে গতকালও তারা মাল ওঠানো-নামানোর কাজ করেন। দূরে দেলে কাজ পিছিয়ে যায়। তাই গুদাম চত্বরেই তাঁরা নিজেদের সাধ্য অনুযায়ী কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে ভাষাশহীদদের প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করেন।