ছিটমহল কোটার দাবি বিলুপ্ত ছিটমহলবাসীদের

গ্রামের নামটি ভিতরকুঠি বাঁশপচাই। একসময় ভারতের ছিটমহল ছিল। দুই বছর আগেও এখানে কোনো উন্নয়নের ছিটেফোঁটা ছিল না। ছিল অবহেলা। শিক্ষার অভাব আর চরম দরিদ্রতার মধ্যে জীবন যাপন করতেন বাসিন্দারা। দুই বছরে এখন বদলে গেছে সেই দৃশ্য। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামটি।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের এই গ্রামটি (ভারতের ছিটমহল) ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই শুরু হয় উন্নয়নের যাত্রা; যা এখনো অব্যাহত আছে।
একসময়ের অন্ধকারাচ্ছন্ন ভিতরকুঠি বাঁশপচাই গ্রামে এসেছে বহুল প্রত্যাশিত বিদ্যুৎ। নির্মাণ করা হয়েছে সাতটি কালভার্ট। দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা হওয়ার অপেক্ষায় আছে। এ ছাড়া গ্রামে ভিতরকুঠি সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় ও একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গ্রামে বয়স্ক ও বিধবা ভাতা চালু হয়েছে। পেয়েছেনও কেউ কেউ। প্রশিক্ষণ শেষে নারীদের কর্মসংস্থানের জন্য বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী হাফেজা খাতুন বলেন, ‘এই সরকারের আমলে আমরা আমাদের স্বীকৃতি ও পরিচিতি পেয়েছি। সরকার অনেক উন্নয়ন করেছে। তবে আমরা চাই, ৬৮ বছর ধরে বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের শিক্ষিত ব্যক্তিদের জন্য চাকরিসহ সব ক্ষেত্রে ছিটমহল কোটা চালু করা হোক।’
কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে ভিতরকুঠি বাঁশপচাই গ্রামে ১৯৬টি রেশন কার্ড, ৭৫টি বয়স্ক ভাতা কার্ড, ১৫টি বিধবা ভাতা কার্ড ও ১৫টি প্রতিবন্ধী ভাতা কার্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, জেলা পরিষদ থেকে বিশুদ্ধ পানীয় জলের জন্য ৪৯টি টিউবওয়েল, প্রশিক্ষিত দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ৩৩টি সেলাই মেশিন বিনা মূল্যে দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ভিতরকুঠি ছালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ১৫টি পাকা টিউবওয়েল ও ১৫ সেট রিং স্লাব শৌচাগার দেওয়া হয়েছে।

লালমনিরহাট বিউবোর নির্বাহী প্রকৌশলী হাসনাত জামান বলেন, ভিতরকুঠি বাঁশপচাই গ্রামে ১১ দশমিক ৪ কেভি, ১০০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এই ট্রান্সফরমারের আওতায় গ্রামের ১৯০০ পরিবারের আবাসিক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।
বিলুপ্ত ভিতরকুঠি বাঁশপচাই ছিটমহল আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, ভিতরকুঠি গ্রামের প্রাথমিক শিক্ষার জন্য ভিতরকুঠি ছালেহা সরকার প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণ করা হয়েছে। এই স্কুলে গ্রামের পাঁচ বছর বয়সী ৩৫ জন শিশুকে প্রাক-প্রাথমিক/শিশু শ্রেণিতে পাঠদান করছেন ভিতরকুঠির উম্মে কুলসুম ও বিলুপ্ত ছিটমহলের বাইরের শিরিনা আক্তার নামের দুজন শিক্ষক। জেলা পরিষদ থেকে তাঁদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বলেন, বিলুপ্ত ছিটমহলের উন্নয়নে সরকারের অগ্রাধিকার নীতি মানা হচ্ছে। কুলাঘাট ইউনিয়নের অভ্যন্তরে থাকা বিলুপ্ত দুটি ছিটমহলে ২০১৫ সালের ৩১ জুলাইয়ের আগের অবস্থার চেয়ে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে।