ছিটমহল জুড়ে চলছে আনন্দ উল্লাস
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত বাংলাদেশের ৪৭টি ছিটমহলের একটি কোয়াতুরকুটি ছিটমহল। এই ছিটমহলের বাসিন্দা আবুল হোসেন কাজি সকাল থেকে অপেক্ষা করছিলেন অধীর আগ্রহ নিয়ে।
কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ যখন তাঁর মতো আরও ১৪ হাজার ছিটমহলবাসী পাবে স্বাধীনতার স্বাদ, নাগরিক পরিচয়। আজ শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় করেছে বাংলাদেশ ও ভারত। খবরটি টেলিভিশনের পর্দায় ভেসে ওঠার সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন আবুল হোসেন। বললেন, ‘আমরা এখন স্বাধীন। একটি দেশের নাগরিক।’
দীর্ঘ প্রতীক্ষিত সীমান্ত বিলটি গত ৬ মে সর্বসম্মতভাবে পাস হয় ভারতের রাজ্যসভায়। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক ও ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে করেন দলিল হস্তান্তর। এ সময় চুক্তি বাস্তবায়নের কার্যপদ্ধতি সংবলিত পত্রও বিনিময় হয়। সীমান্ত বিলটি বাস্তবায়নের ফলে বাংলাদেশে থাকা ভারতের ১১১টি ছিটমহলের (আয়তন ১৭ হাজার ১৫৮ একর) বাংলাদেশের এবং ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের (আয়তন ৭ হাজার ১১০ একর) ভারতে থাকবে। ভারতীয় ছিটমহলগুলোর বেশির ভাগই রয়েছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। এসব ছিটমহলের ৫৯টি লালমনিরহাটে, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি ও নীলফামারীতে চারটি। বাংলাদেশের ৫১টি ছিটমহলের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারে ৪৭টি এবং জলপাইগুড়িতে চারটি।
দলিল বিনিময়ের খবর শোনার সঙ্গে সঙ্গে বাজি ফাটানোর শব্দে প্রকম্পিত হয় কোচবিহারের ছিটমহল। বিভিন্ন ছিটমহলে বের হয় বিজয় মিছিল। শুরু হয় আবির খেলা। নানা রঙে ঢেকে যায় মুখ। চলে মিষ্টান্ন বিতরণ। বাড়িতে বাড়িতে হয় আলোকসজ্জা। এবার তাঁরা পাবেন নাগরিকত্ব। পাবেন দেশের পরিচয়, থাকতে হবে না পরদেশে। এবার সবাই স্বাধীন হবে। পাবে বেঁচে থাকার সব অধিকার।
প্রথম আলোর এ প্রতিনিধির সঙ্গে কথা হলো কয়েকজন ছিটমহলবাসীর। কোথায় যাবেন তারা? ভারতেই থাকবেন না বাংলাদেশে?—এমন প্রশ্ন শুনে কোয়াতুরকুটি ছিটমহলের আবুল হোসেন জানালেন ভারতের নাগরিক হিসেবেই থাকতে চান তিনি। একই ছিটমহলের বাসিন্দা সমর্তবান বিবিও থাকতে চান ভারতের ভিটেমাটিতে। মেখলিগঞ্জের ছিটমহলের বাসিন্দা কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ্দাম মিয়া বললেন, ছিটমহলবাসীদের স্বাধীনতা দিবস আজ। তিনিও বাংলাদেশে ফিরে আসবেন না বলেই জানালেন। একই কথা বললেন, বাকালির ছড়া ছিটমহলের বাসিন্দা গোবিন্দ চন্দ্র বর্মণ এবং পোয়াতুরকুঠি ছিটমহলের বাসিন্দা সাহেব আলিও। খুশি তাঁরা সবাই, দারুণ খুশি।