ছিটমহল থাকছে না, জটিলতা থাকবে কিছুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে নতুন মানচিত্রের নকশা চূড়ান্ত হয়েছে। এখন দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর এবং প্রায় সাড়ে ছয় কিলোমিটারব্যাপী অচিহ্নিত সীমানা চিহ্নিত করে ওই মানচিত্র অনুযায়ী খুঁটি (পিলার) বসিয়ে দুই দেশের সীমান্ত চিহ্নিত করা হবে।
বাংলাদেশ-ভারত যৌথ বিশেষজ্ঞ কমিটি ‘জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ’-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই গ্রুপের দুই দিনের বৈঠকটি গতকাল শুক্রবার সন্ধ্যা প্রায় সাতটায় স্থানীয় একটি হোটেলে শেষ হয়।
বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমে ১৯৪৭ সালে দেশভাগের ৬৮ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থলসীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। ১৯৪৭ সালে রেডক্লিফ কমিশন ভারত ও বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) মধ্যে যেভাবে সীমান্ত চিহ্নিত করেছিল, আগামী ১ আগস্ট থেকে আর তা থাকছে না।
বৈঠকের সূত্রগুলো জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিময়ের পর আর ছিটমহল থাকছে না। কিন্তু সেখানকার যৌথ জরিপে বাদ পড়ে যাওয়া মানুষের নাগরিকত্বের সমস্যা এবং প্রায় সবার ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনে সময় লাগবে আরও অনেক দিন।
বৈঠকে এই অভিমত প্রকাশিত হয়েছে উল্লেখ করে সূত্রগুলো জানায়, স্থলসীমান্ত চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময়, সেখানকার অধিবাসীদের নাগরিকত্ব, নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়ে এত দিন যে কাজ করা হয়েছে, তা পর্যালোচনা শেষে একটি যৌথ কর্মপন্থাও গ্রহণ করা হয়েছে। ওই কর্মপন্থা অনুযায়ী দুই দেশ ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্বের গেজেট প্রকাশ করবে। আর আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব ছিটমহলের ভূমির খতিয়ান তৈরি করা হবে।
এ ছাড়া, ছিটমহলের ভূমি বিরোধ ও নাগরিকত্বের জটিলতা নিরসনে দুই দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রয়োজনে কয়েক বছর ধরে জটিলতা নিরসনে কাজ করে যাবে। ২০১১ সালের জনগণনা এবং এ বছরের সমীক্ষায় ছিটমহলের যেসব বাসিন্দা বাদ পড়েছেন, তাঁদের সমস্যাও এই কমিটি সমাধান করবে।
গত বৃহস্পতিবার সকালে শুরু হওয়া দুই দিনের ওই বৈঠকে দুই দেশের ৪০ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুনীম। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। অবশ্য, বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো বা ব্রিফ করা হয়নি।
বৈঠকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মানচিত্রের নতুন সীমানা চিহ্নিত করা হয়। উভয় দেশের সীমানায় সীমিতভাবে রদবদল আনা হয়েছে। এর ফলে বিদ্যমান দুই দেশের মানচিত্রে সামান্য পরিবর্তন আসবে। বৈঠকে দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা মানচিত্রের খুঁটিনাটি বিবেচনা করে সীমানার নকশা চূড়ান্ত করেছেন।
এতে বাংলাদেশের সঙ্গে ভারতের চারটি রাজ্যের—আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সীমানারেখায় পরিবর্তন আসছে। আর বাংলাদেশের নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটের সীমারেখায় পরিবর্তন হচ্ছে। বিশেষজ্ঞ ও কর্মকর্তা পর্যায়ে অনুমোদিত এই মানচিত্র দুই দেশের সরকারের রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর প্রকাশ করা হবে।
গতকালের বৈঠকে মানচিত্রের চূড়ান্ত নকশা অনুমোদনের আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১ হাজার ১১৪টি ‘স্ট্রিপ ম্যাপ’ বিনিময় ও সই হয়েছে। তবে অপদখলীয় ভূমি ও অচিহ্নিত এলাকার ৩৫টি স্ট্রিপ ম্যাপ এখনো চূড়ান্ত করা হয়নি।
বৈঠকে ছিটমহলের নাগরিকদের সাময়িক চলাচলের জন্য তিনটি নতুন পয়েন্ট চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছিটমহল বিনিময় শেষ না হওয়া পর্যন্ত সেখানকার বাসিন্দারা হলদিবাড়ী, বুড়িমারী ও বাংলাবান্ধা পয়েন্ট দিয়ে যাতায়াত করতে পারবেন।
এ ছাড়া বৈঠকে ছিটমহলবাসীর নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছিটমহল বিনিময় শেষ না হওয়া পর্যন্ত উভয় দেশ ছিটমহলবাসীকে নিরাপত্তা দেবে। ছিটমহল এলাকায় কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে সৃষ্টি না হয়, তাও নিশ্চিত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।