ছিটমহল প্রটোকল চুক্তি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তিসংক্রান্ত প্রটোকল চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দিয়েছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
এ ব্যাপারে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর উভয় দেশের ছিটমহল বিনিময় প্রটোকল চুক্তি স্বাক্ষরিত হলেও গত দুই বছরে এটি বাস্তবায়িত হয়নি। এ কারণে ছিটমহলবাসী হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
আজিজুল ইসলাম আরও বলেন, ছিটমহলগুলোতে সরকারি আইন অচল থাকায় বিচার সালিস ও আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে। আর ১৯২৪ সালের পর থেকে কোনো ভূমি সংস্কার না হওয়ায় এক পরিবারের সঙ্গে অন্য পরিবারের দ্বন্দ্ব-কলহ লেগেই আছে। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সঞ্চারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ভারত- বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।