ছিটমহল বিনিময় চুক্তিতে এবার সমর্থন আসাম বিজেপির
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তিতে এবার সমর্থন দিল ভারতের আসাম রাজ্যের বিজেপি। গত বুধবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ নয়াদিল্লিতে আসামের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে চুক্তির পক্ষে সমর্থন আদায়ের কথা বলার পর রাজ্য বিজেপি তাদের অবস্থানের কথা জানাল।
গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সে সময় এর জোরালো বিরোধিতা করেছিল আসাম বিজেপি। এ বিষয়ে জানতে চাইলে, রাজ্য বিজেপির মুখপাত্র শিলাদিত্য দেব বলেন, সে সময় বিরোধিতা ছিল মূলত তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে। কেননা, তারা চুক্তি করার আগে বিষয়টি নিয়ে আসামের মানুষের সঙ্গে কথা বলেনি। তাদের বোঝানোর চেষ্টা করেনি, এই চুক্তি হলে কী সুবিধা হবে।
শিলাদিত্য দেব বলেন, এই চুক্তির ফলে ছিটমহল বিনিময় হলে প্রতিবেশী দেশ থেকে আসামে অনুপ্রবেশ বন্ধ হবে।
বিজেপির নেতা বরুণ গান্ধীও এই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন। গতকাল টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি লেখায় তিনি বলেন, এই চুক্তির ফলে ভারত সামান্য কিছু জমি হারাবে। কিন্তু এর বিনিময়ে সীমান্ত সমস্যার যদি সমাধান হয়, তাহলে সেটা হবে অনেক বড় পাওয়া।
তবে চুক্তির বিরোধিতা করে এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন। এ ছাড়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টও এই চুক্তির বিরোধিতা করছে। দলটির প্রধান বদরুদ্দিন আজমল গত বুধবার দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে এই চুক্তি বাতিলে তাঁর হস্তক্ষেপ কামনা করেছেন।